আলোচিতউপজেলার সংবাদজামালপুরসরিষাবাড়ি

জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে তাড়িয়ে দিলেন ছেলে


সরিষাবাডি প্রতিনিধি:
জামালপুরের সরিষাবাডি উপজেলায় ছেলের নামে নানার বাড়ি জমি লিখে না দেওয়ায় মাকে বাড়ি থেকে বের করে দিয়েছে। পরে ভুক্তভোগী মা হাতে পবিত্র কোরআন শরিফ নিয়ে বাডি ছেড়ে চলে যান। উপজেলার পোগলদিঘা ইউনিয়নের গেন্দারপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
পারিবারিক সূত্রে জানা গেছে, গেন্দারপাড়া গ্রামের মৃত মোজাম্মেল হক গুঠু তালুকদারের স্ত্রী রাশেদা বেগম তার বাবার বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলার বীরতারা ইউনিয়নের বাঁশনিওগী গ্রামে উত্তরাধিকার সূত্রে ৫৬ শতাংশ জমি পান। পরে তিনি পারিবারিকভাবে ৮ লাখ টাকার বিনিময়ে জমিটি ভাইদের কাছে বিক্রি করেন এবং সেই অর্থ দিয়ে নিজের নামে নতুন জমি কেনেন।
ওই জমি ছেলে রাশেদুল ইসলাম জাকিরের নামে লিখে না দেওয়ায় দীর্ঘদিন যাবত মায়ের ওপর চাপ সৃষ্টি করে আসছিলেন। রাজি না হওয়ায় বিভিন্ন সময় তাকে ভয়ভীতি ও হত্যার হুমকি দেওয়া হয়। এ ঘটনায় রাশেদা বেগম এর আগেও সরিষাবাড়ি থানায় অভিযোগ দায়ের করেছিলেন।
ভুক্তভোগী রাশেদা বেগম জানান, সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার জন্য ছেলে তাকে নানা ধরনের হয়রানি ও ভয়ভীতি দেখিয়ে আসছিল। জমি লিখে দিতে অস্বীকৃতি জানানো হলে তাকে স্বামীর বাড়িতে থাকতে দেওয়া হচ্ছিল না। এমনকি মাকে হত্যা করে আত্মহত্যা বলে ফাঁসিয়ে দেওয়ার হুমকিও দেওয়া হয়।
বিষয়টি নিয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হলেও কোনো সমাধান হয়নি। সর্বশেষ গত রোববার আবারও সালিশ বৈঠকে জমি লিখে দিতে অস্বীকৃতি জানালে ছেলে ক্ষিপ্ত হয়ে তাকে বাড়ি থেকে বের করে দেয়। পরে রাশেদা বেগমের ভায়েরা খবর পেয়ে তাকে নিজেদের বাড়িতে নিয়ে যান। যাওয়ার সময় একমাত্র পবিত্র কোরআন শরিফ নিয়ে বাড়ি ছেড়ে চলে যান।
পারিবারিক সূত্রের দাবি, অভিযুক্ত রাশেদুল ইসলাম জাকির আগে এমএম বিল্ডার্স’ নামে একটি প্রতিষ্ঠানে প্রজেক্ট ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। সেখানে ৮৩ লাখ টাকার আর্থিক অনিয়মের অভিযোগে তাকে চাকরিচ্যুত করা হয়।
এ বিষয়ে অভিযুক্ত রাশেদুল ইসলাম জাকিরের বক্তব্য জানতে তার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তা বন্ধ পাওয়া যায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *