মাদারগঞ্জ হাসপাতালের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসারের ওপর হামলার প্রতিবাদে জামালপুরে মানববন্ধন
নিজস্ব প্রতিবেদক:
মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আছাদুজ্জামানের ওপর ডিউটিরত অবস্থায় বর্বরোচিত হামলার প্রতিবাদে রোববার ১২ জুলাই জামালপুর জেলার অন্যান্য উপজেলার ন্যায় জামালপুর সদরেও এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের উপস্থিতিতে স্থানীয় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের সামনে এই মানববন্ধন কর্মসূচী অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে জামালপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধন থেকে মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডিউটিরত অবস্থায় সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আছাদুজ্জামানের ওপর বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানান এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান তারা।
উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আছাদুজ্জামানের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদে একই দিন জামালপুর জেলার অন্যান্য উপজেলাতেও এই কর্মসূচী পালিত হয়েছে।
উল্লেখ্য, গত ৭ জুলাই মাদারগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক সাপে কাটা রোগীর মৃত্যুর ঘটনায় চিকিৎসার অবহেলার অভিযোগ তুলে উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মো. আছাদুজ্জামানের ওপর রোগীর স্বজনরা সংঘবদ্ধ হামলা চালায়।
