উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

বিশ্ব জনসংখ্যা দিবসে মেলান্দহে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নাংলা ইউপির সম্মাননা


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের মেলান্দহ উপজেলায় উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ হিসেবে নির্বাচিত হয়েছে ৪ নম্বর নাংলা ইউনিয়ন পরিষদ। এ উপলক্ষে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের পক্ষ থেকে নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশার জন্য সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র প্রদান করা হয়।
নাংলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ বায়োজিদের মাধ্যমে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশার কাছে সম্মাননা স্মারক ও প্রশংসাপত্র হস্তান্তর করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন নাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা, প্রশাসনিক কর্মকর্তা মুহাম্মদ বায়োজিদ, নবযোগদানকারী প্রশাসনিক কর্মকর্তা মো. নূরুল ইসলাম, সাবেক প্যানেল চেয়ারম্যান আশরাফ আলী মেম্বার, সমাজসেবক আব্দুল হালিম, স্বেচ্ছাসেবী এনামুল হক এবং বিশিষ্ট সমাজসেবক জহুরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ বছরের বিশ্ব জনসংখ্যা দিবসের প্রতিপাদ্য ছিল— “তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি।” প্রতিপাদ্যের আলোকে জনসচেতনতা বৃদ্ধি, পরিবার পরিকল্পনা কার্যক্রমের সম্প্রসারণ এবং জনকল্যাণমূলক সেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ নাংলা ইউনিয়ন পরিষদকে এ সম্মাননা প্রদান করা হয়।
সম্মাননা গ্রহণের পর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা বলেন, “এই স্বীকৃতি শুধু আমার নয়, নাংলা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারী এবং সর্বস্তরের জনগণের সম্মিলিত প্রচেষ্টার ফল। ভবিষ্যতেও জনগণের কল্যাণ, স্বাস্থ্যসেবা ও পরিবার পরিকল্পনা কার্যক্রমকে আরও গতিশীল করতে আমরা আন্তরিকভাবে কাজ করে যাব।”
তিনি আরও বলেন, “রাষ্ট্রের উন্নয়ন ও একটি সুস্থ, সচেতন এবং সমৃদ্ধ সমাজ গঠনে জনসচেতনতা বৃদ্ধির বিকল্প নেই। সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়নে নাংলা ইউনিয়ন পরিষদ সবসময় অগ্রণী ভূমিকা পালন করবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *