জামালপুরসদর

জয় বাংলা-জিতবে এবার নৌকা’শ্লোগানে শ্লোগানে মুখরিত নৌকার প্রচার প্রচারণায়

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলা আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপ-কমিটির আয়োজনে রোলার স্কেটস পরে তরুণ যুবকরা জামালপুর-৫ সদর আসনের আওয়ামী লীগ প্রার্থীর নৌকা প্রতীকের প্রচার মিছিল করেছে।

ররিবার বিকেলে শহরের ফৌজদারি মোড় থেকে জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও জামালপুর পৌরসভার মেয়র মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানুর নেতৃত্বে নৌকার প্রচার মিছিলটি বের হয়। বাংলাদেশ রোলার স্কেটিং ফেডারেশনের সাধারণ সম্পাদক আসিফ ও জামালপুর জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড-বিসিবির সদস্য মির্জা জিল্লুর রহমান শিপনসহ জেলা ক্রীড়া সংস্থার অন্যান্য কর্মকর্তা ও সদস্য, ক্রীড়া সংগঠক, নির্বাচন পরিচালনা সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া উপ-কমিটির কর্মকর্তা ও সদস্য, জামালপুর, শেরপুর ও ঢাকা থেকে আসা দুই শতাধিক তরুণ-যুবক রোলার স্কেটিং টিমের সদস্য ও নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা এই প্রচার মিছিলে অংশ নেন। তাদের অনেকের হাতেই ছিল জাতীয় পতাকা। সবার গায়ে ছিল নৌকা প্রতীকের টি-শার্ট।

রোলার স্কেটিং সদস্যরা রোলার স্কেটস পরে মিছিলে অংশ নিয়ে তারা জামালপুর সদর আসনের নৌকা প্রতীকের প্রার্থী প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মূখ্য সচিব মো. আবুল কালাম আজাদের জন্য ভোট প্রার্থনা করে। এছাড়াও ‘জয় বাংলা-জিতবে এবার নৌকা’শ্লোগানে শ্লোগানে মুখরিত করে তোলে গোটা শহর। রোলার স্কেটিংয়ের এই মিছিলটি ভোটের মাঠে শহরবাসীর মাঝে চমক সৃষ্টি করে।

মিছিলটি ফৌজদারি মোড় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ প্রায় সাতটি মোড়সহ বিভিন্ন সড়ক ও এলাকা প্রদক্ষিণ করে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামে গিয়ে শেষ হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *