আলোচিতজামালপুরসদর

জামালপুরে মির্জা আজমের বিরুদ্ধে মানববন্ধন

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুর-৫ (সদর) আসনের নির্বাচনী পরিবেশ বিনষ্টের অভিযোগে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপির বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

নিজের নির্বাচনী কর্মকাণ্ড বাদ দিয়ে সদর আসনের নৌকার প্রার্থীর পক্ষে অবস্থান ও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু সিআইপিকে নিয়ে সাম্প্রদায়িক উস্কানিমূলক বক্তব্য প্রদানের অভিযোগ করা হয় তার বিরুদ্ধে।

আজ  সোমবার দুপুরে শহরের তমালতলায় সদর উপজেলার সর্বস্তরের জনগনের ব্যানারে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা নিরপেক্ষ ভূমিকা পালন করতে জেলা ও পুলিশ প্রশাসনের প্রতি আহবান জানান।

সাম্প্রদায়িক ও উস্কানিমূলক বক্তব্য বন্ধ করা না হলে সদর আসনের ভোটাররা বৃহত্তর আন্দোলনে যাবার হুমকি দিয়েছেন।

মানববন্ধনে বক্তব্য রাখেন, জামালপুর পৌরসভার ৮নং ওয়ার্ডের কাউন্সিলর মাসুদ করিম, জেলা যুবলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুরুজ্জামান, জেলা যুবলীগের সদস্য হাবিবুল্লাহ হাবু, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মাকসুদ বিন জালাল প্লাবন, শহর ছাত্রলীগের সাবেক সভাপতি নূর হোসেন আবহানি, তাতীঁলীগের ঢাকা উত্তর মহানগরের সাবেক সাংগঠনিক সম্পাদক আতিক রাজ।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, জামালপুর-৫ (সদর) আসনে নৌকার প্রার্থী মো. আবুল কালাম আজাদের নির্বাচনী জনসভায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম রেজনু এবং তাঁর পরিবার নিয়ে সাম্প্রদায়িক-উস্কানিমূলক বক্তব্য দিয়ে যাচ্ছেন। মির্জা আজমের এসব বক্তব্য দিয়ে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের পরিবেশ বিনষ্টের পায়তারা করছেন।

বক্তারা আরও অভিযোগ করেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় এই নেতার প্রভাবে প্রভাবিত হয়ে নির্বাচন সংশ্লিষ্টরা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারছেন না। এ বিষয়ে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *