আলোচিতজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে শ্রমিক না হয়েও শ্রমিক ইউনিয়নের নেতা!

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

জামালপুরের বকশিগঞ্জ উপজেলায় সিএনজি, অটোরিকশা, অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের ১৪ সদস্যের কমিটি ঘোষণা করেছে সংগঠনের জেলা কমিটি। গত ৪ এপ্রিল গঠিত কমিটিতে উপজেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ফজলুর রহমান খুদুকে সভাপতি ও উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সাইদুর রহমান লালকে সাধারণ সম্পাদক করা হয়। অথচ এ দুজনের কেউই শ্রমিক নন। এমনকি তাদের কারো সিএনজি, অটোরিকশা, অটোটেম্পু নেই। গঠনতন্ত্র অনুযায়ী, তাদের এই সংগঠনের নেতা হওয়ার কোনো সুযোগ নেই। সংগঠনের সাধারণ শ্রমিকরা অভিযোগ করেছেন, প্রভাব খাটিয়ে কমিটির অনুমোদন এনে চাঁদাবাজিতে মেতেছেন তারা।

সংগঠনের নতুন কমিটি নিয়ে চালকরা জানান, সভাপতি ফজলুর রহমান খুদু ও সাধারণ সম্পাদক সাইদুর রহমান লাল কখনো সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন না, এমনকি তাদের নিজের কোনো সিএনজি চালিত অটোরিকশা নেই এবং কোনোদিন চালকও ছিলেন না। সম্প্রতি ভুল তথ্য প্রদানের মাধ্যমে তারা সভাপতি ও সাধারণ সম্পাদক হয়েছেন। এ কমিটি গঠিত হওয়ায় সিএনজি চালিত অটোরিকশা চালকদের মাঝে হতাশে পড়েছেন। দীর্ঘদিন থেকে কার্যকরী কমিটি না থাকার সুযোগটি কাজে লাগিয়ে শ্রমিকবিহীন কমিটি পাস করিয়ে আনা হয়েছে জেলার কমিটির কাছ থেকে। সংগঠনের গঠনতন্ত্র পরিপন্থীভাবে এ কমিটি গঠন করায় ক্ষোভ প্রকাশ করেছেন উপজেলার সিএনজি অটোরিকশা চালকরা।

সিএনজি ও অটোরিকশা চালকরা অভিযোগ করে বলেন, জেলা থেকে কমিটি বাগিয়ে এনে তারা বিভিন্ন সড়কে চাঁদাবাজি শুরু করেছেন। জামালপুর-শেরপুর ও রৌমারী সড়কে প্রতিদিন প্রায় ২৫০টি সিএনজি চালিত অটোরিকসা চলাচল করে। চলাচলরত প্রত্যেক সিএনজি চালিত অটোরিকসা থেকে প্রতিদিন প্রত্যেক গাড়ি থেকে ৩০ টাকা করে প্রতিমাসে ২ লাখ ২৫ হাজার টাকা চাঁদা আদায় করছে শ্রমিক কল্যাণের নামে।

চালকরা আরও জানান, প্রতিমাসে বিপুল অংকের টাকা আদায় করলেও শ্রমিকদের কল্যাণে কোনো টাকা জমা না করে নিজেরাই ভাগাভাগি করে নেয়। এ ছাড়াও কোনো শ্রমিক অসুস্থ্য হয়ে পড়লে কিংবা সড়কে দুর্ঘটনার মুখে পড়লে তারা এগিয়ে আসেন না। বিপদে উদ্ধারে মিমাংসার নামে হাতিয়ে নেয় মোটা অংকের টাকা।

বকশিগঞ্জ উপজেলা সিএনজি, অটোরিকশা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সফিকুল ইসলাম লিটন বলেন, নতুন কমিটি গঠনে সংগঠনের গঠনতন্ত্র মানা হয়নি। গঠনতন্ত্র অনুযায়ী তাদের সভাপতি ও সাধারণ সম্পাদক হওয়ার সুযোগ নেই। তারা চালক কিংবা শ্রমিকও না।

বর্তমান কমিটির সাধারণ সম্পাদক সাইদুর রহমান লাল বলেন, আমার কোনো সিএনজি, অটোরিকশা ও অটো টেম্পু এখন না থাকলেও এর আগে ছিল। তিনি অভিযোগ স্বীকার করে বলেন, আমি ও সংগঠনের সভাপতি কেউ শ্রমিক নই। কমিটির বাকিরা শ্রমিক এবং তারাই কমিটির কাজ করে। আমরা ওদের দেখভাল করি মাত্র।

জামালপুর সিএনজি, অটোরিকশা, অটোটেম্পু শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদ খান এ বিষয় নিয়ে পরে কথা বলতে চান বলতে বলে জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *