আলোচিতজামালপুরশিক্ষাসদর

জামালপুরে প্রবেশপত্র না আসায় ৯৬ শিক্ষার্থীর পরীক্ষা দেওয়া অনিশ্চিত

কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:

আগামী ৩০ জুন সারা দেশে একযোগে শুরু হবে এইচএসসি ও সমমানের পরীক্ষা। সারা দেশের শিক্ষার্থীরা যখন পরীক্ষা নিয়ে ব্যস্ত তখন প্রবেশপত্র না পেয়ে হতাশায় ভুগছে জামালপুর শহরের বেলটিয়ায় শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ৯৬ জন শিক্ষার্থী। এ ঘটনায় ক্ষোভ বিরাজ করছে শিক্ষার্থী ও অভিভাবকদের মাঝে।

অভিভাবকদের অভিযোগ, তাদের সন্তানরা দুইবছর এই বিদ্যালয়ে লেখাপড়া করেছে। তারা নিয়মিত বেতন, ফি পরিশোধ করেছে। ফরমফিলাপ ও রেজিষ্টেশন ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে ১০ থেকে ১২ হাজার টাকা নেওয়া হলেও তাদের ফরম ফিলাপ ও রেজিষ্টেশন হয়নি। প্রিন্সিপালের অবহেলায় তাদের সন্তানদের এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া অনিশ্চিত হয়েছে। এই পরিস্থিতিতে অভিভাবকরা দুশ্চিন্তায় পড়েছেন।

শিক্ষার্থীরা জানায়, গত ২৩ জুন সব শিক্ষা প্রতিষ্ঠানে প্রবেশপত্র বিতরণ করা হয়েছে। কিন্তু তারা বিদ্যালয়ে গিয়ে জানতে পারেন তাদের প্রবেশপত্র আসেনি। এরপর পরীক্ষার্থীরা প্রতিষ্ঠানের অধ্যক্ষকে প্রবেশ পত্র দেওয়ার জন্য অনুরোধ করেন। কিন্তু আজ সকালে বিদ্যালয়ে গিয়ে পরীক্ষার্থীরা জানতে পারে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজে কলেজ পর্যায়ের কোনো অনুমোদন নাই। ফলে তাদের রেজিষ্টেশন ও ফরম ফিলাপ হয়নি।

শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের ভাইস প্রিন্সিপাল হুমায়ুন কবীর জানান, এ ঘটনায় কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিমকে সাময়িক ভাবে অব্যাহতি দিয়েছে পরিচালনা পর্যদ। যেসব শিক্ষার্থীরা অভিযোগ করেছে, তাদের সাথে শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের কোনো সম্পর্ক নাই বলেও দাবি করেন তিনি ।

শাহাবুদ্দিন মেমোরিয়াল স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল রেজাউল ইসলাম সেলিম টেলিফোনে জানান, সব ঠিক হয়ে যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *