জামালপুরে পানিতে ডুবে সাত জনের মৃত্যু
কাফি পারভেজ, জামালপুর প্রতিনিধি:
জামালপুরে পৃথক পৃথক স্থানে পানিতে ডুবে রবিবার সাত জনের মৃত্যু হয়েছে। মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় বন্যার পানিতে গোসল করতে গিয়ে দুই শিশুসহ চারজন, জামালপুর সদরের হরিণাকান্দা নলকুড়ি গ্রামে পুকুরের পানিতে ডুবে দুইজন এবং বকশিগঞ্জের বগারচর ইউনিয়নের দক্ষিন আলীরপাড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে একজনের মৃত্যু হয়।
মেলান্দহ উপজেলার শ্যামপুর ইউনিয়নের দক্ষিণ বালুচর এলাকায় নিহতরা হলেন, ওই গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে দিশা আক্তার (১৭), সবুজ মিয়ার মেয়ে সাদিয়া (১০), গোলাপ আলীর মেয়ে খাদিজা (১০) ও বাবুল মিয়ার স্ত্রী রোকশানা আক্তার (২৫)। তাঁদের সঙ্গে রিমা আক্তার (১২) নামের আরও এক শিশু গোসলে নেমেছিল। কিন্ত সে বেঁচে যায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দক্ষিণ বালুরচর গ্রামে বন্যার পানি প্রবেশ করেছে। ফলে এই গ্রামের নিম্নাঞ্চল পানিতে ডুবে গেছে। দক্ষিণ বালুরচর গ্রামে বিকেল সাড়ে পাঁচটার দিকে বাড়ির পাশেই বন্যার পানিতে গোসল করতে নামেন ওই পাঁচজন। একপর্যায়ে চারজন পানিতে ডুবে যান। বিষয়টি টের পেয়ে রিমা আক্তার বাড়িতে গিয়ে সবাইকে খবর দেয়। স্থানীয় লোকজন পানিতে খোঁজাখুঁজির একপর্যায়ে সন্ধ্যার দিকে ওই চারজনের লাশ উদ্ধার করেন। খবর পেয়ে পুলিশ সদস্যরা ঘটনাস্থলে যায়।
মেলান্দহ থানার ওসি রাজু আহাম্মদ বলেন, বন্যার পানিতে একসঙ্গে চার শিশু ও একজন গৃহবধূ গোসল করতে যান। গোসলের একপর্যায়ে শিশু খাদিজা ও সাদিয়া পানিতে থাকা একটি গর্তে ডুবে যাচ্ছিল। এ সময় দিশা ও রোকশানা তাদের বাঁচাতে যান। পরে তাঁরা চারজনই ওই গর্তে ডুবে মারা যান। এর মধ্যে এক শিশু বেঁচে ফিরেছে। আইনী প্রক্রিয়ার মাধ্যমে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
জামালপুর সদর থানার ওসি মুহাম্মদ মহব্বত কবীর জানান, জামালপুর সদরের হরিণাকান্দা নলকুড়ি গ্রামের উমর আলীর শিশু কন্যা উর্মি আক্তার ও চান মিয়ার শিশু কন্যা তাছফিহিম রবিবার দুপুরে গোসল করতে গিয়ে পুকুরের পানিতে ডুবে মারা গেছে।
এ ছাড়াও বকশিগঞ্জের বগারচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোসাদ্দেকুর রহমান মাসুম প্রামাণিক জানান, বগারচর ইউনিয়নের দক্ষিন আলীরপাড়া গ্রামের বাবুল মিয়ার শিশু কন্যা মনিকা আক্তার (৪) পুকুরের পানিতে ডুবে মৃত্যু হয়েছে। রবিবার দুপুর ১২টার দিকে পরিবারের অজান্তে বাড়ীর পাশে কাঁচা রাস্তা দিয়ে যাওয়ার পথে পুকুরে পরে গিয়ে পুকুরের পানিতে ডুবে শিশু মনিকা আক্তারের মৃত্যু হয়।
