বকশিগঞ্জে শিবিরের ন্যায্য মূল্যের দোকানে ব্যাপক সাড়া

নিজস্ব প্রতিনিধি: নিত্যপণ্যের উর্ধ্ব গতির বাজারে জামালপুরের বকশিগঞ্জে শিবিরের ন্যায্য মূল্যের দোকানটি ব্যাপক সাড়া পড়েছে। প্রতিদিন ক্রেতারা এসে ভীড় করছেন দোকানটিতে। সরেজমিনে দেখা যায়, ৪৯ টাকা হালি ডিম কিনে মাত্র ৫০ টাকা হালি ডিম বিক্রি করা হচ্ছে দোকানটিতে। তাছাড়া লাউ ৪০ টাকায়, আলু ৫৫ টাকায় এবং বিভিন্ন নিত্যপণ্য ও সবজি বাজার দর থেকে ১০ থেকে ২০ টাকা কমে পাওয়া যাচ্ছে। যেকারণে ন্যায্য পণ্যের এ দোকান খোলার সাথে সাথেই সব পণ্য বিক্রি হয়ে যায়। প্রতিদিন সকাল ও বিকাল দুই বেলায় বসে দোকানটি।
গত বুধবার থেকে উপজেলার মালিবাগ মোড়ে ন্যায্য মূল্যের এই দোকানটি পরিচালনা করে আসছে ইসলামী ছাত্রশিবির বকশিগঞ্জ শাখা। শাখা সভাপতি রবিউল ইসলাম রিশাদ জানান, জনগণের মাঝে ব্যাপক সাড়া পড়েছে ন্যায্য মূল্যের দোকানটি। তিনি আরও জানান, মাত্র ৫ হাজার টাকা পুঁজি নিয়ে শুরু করা নিত্য পণ্যের বাজারটি বর্তমানে ২০ হাজার টাকা ছাড়িয়ে গেছে। তবু জনগণের ব্যাপক চাহিদা পূরণে এ পুঁজি যথেষ্ঠ নয়। পুঁজি বেশি থাকলে আরও সেবা দেয়া সম্ভব হতো বলেও জানান তিনি। কৃষকদের থেকে ক্রয় করে জনগণকে কম দামে বিভিন্ন সবজি ও নিত্যপণ্য সরবরাহ করছেন তারা।
এরআগে বৃহস্পতিবার দুপুরে দোকানে গিয়ে পণ্যের দামের খোঁজ খরব নেন উপজেলা নির্বাহি অফিসার (ইউএনও) অহনা জিন্নাত। জনগণকে কম দামে গণ্য সরবরাহ করায় এমন সেবার জন্য ছাত্রশিবিরকে ধন্যবাদ জানান তিনি।
