মেলান্দহে কৃষক দলের সহসভাপতি আব্দুল মান্নানের উপর সন্ত্রাসী হামলায় গ্রেফতার -১
মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি: জামালপুরের মেলান্দহ উপজেলা কৃষকদলের সহ-সভাপতি আব্দুল মান্নানের ওপর হামলার ঘটনায় নয়ানগর ইউনিয়নের ৩নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নবিন মিয়াকে (৪৫) গ্রেপ্তার করেছে মেলান্দহ থানা পুলিশ।
মঙ্গলবার (২৯ অক্টোবর) ভোর ৪টার দিকে উপজেলার মালঞ্চ গাংপাড়ার নিজ বাড়ী থেকে তাকে গ্রেপ্তার করে দুপুর ১২টার দিকে আদালতে পাঠানো হয়েছে।
আহত কৃষকদলের নেতা আব্দুল মান্নানের ছোট ভাই মনোয়ার হোসেন বাদী হয়ে উপজেলা আওয়ামী লীগের সদস্য ও নয়ানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাহাবুদ্দিনসহ ৩২ জনের নাম উল্লেখ করে মেলান্দহ থানায় মামলা দায়ের করেছেন। এছাড়াও এই মামলায় নাম পরিচয়হীন আরও ৪০ জনকে আসামী করা হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত ২৮ অক্টোবর সোমবার সকালে বিএনপির লিফলেট বিতরণ করার সময় কৃষক দলের সহ-সভাপতি আব্দুল মান্নানের ওপর আওয়ামী লীগের নেতা-কর্মীরা দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে। এতে মাথায় গুরুতর আঘাত প্রাপ্ত হয় আব্দুল মান্নান। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জামালপুর জেনারেল হাসপাতালে ভর্তি করে। পরে আব্দুল মান্নানের মাথায় কয়েটি সেলাই দেয়া হয়।
মেলান্দহ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, কৃষক দলের সহ-সভাপতি আব্দুল মান্নানের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। অভিযান চালিয়ে রাতেই একজনকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে।
