পিকনিকের যাওয়ার পথে স্কুলছাত্রের মৃত্যু
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের সরিষাবাড়ী থেকে গাজীপুর সাফারি পার্কে পিকনিকে যাওয়ার পথে সাতপোয়া ইউনিয়নের সোনাকান্দর বাঘমারা মোড়ে গাছের সঙ্গে বাড়ি খেয়ে রাশেদুল ইসলাম নামে এক স্কুল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিক্ষার্থীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।
রাশেদুল ইসলাম সরিষাবড়ির সাতপোয়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি সিদ্দিকুর রহমানের ছেলে। রাশেদুল ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
বিদ্যালয় ও স্থানীয় সূত্রে জানা যায়, ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষার্থীদের নিয়ে শনিবার সকালে গাজীপুর সাফারি পার্কে পিকনিকে যাচ্ছিল ১টি বাস। বাসটি প্রতিষ্ঠান থেকে প্রায় ৩ কি.মি. দূরে সরিষাবাড়ী-জামিরা সড়কের সোনাকান্দর বাঘমারা মোড়ে পৌঁছলে রাশেদুল চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে । এ সময় রাস্তা পাশে থাকা কাঁঠাল গাছের ডালের সঙ্গে বাড়ি খেয়ে গুরুতর আহত হয় রাশেদুল ইসলাম। আহত অবস্থায় রাশেদুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বাসটি জব্দ ও চালককে আটক করেছে পুলিশ।
ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক সাজ্জাদ হোসেন বলেন, প্রতিষ্ঠান থেকে ১৩০ জন শিক্ষক-শিক্ষার্থী মিলে দুইটি বাসে রওনা দেই। ৩ কি.মি. পথ যাওয়ার পরেই এক শিক্ষার্থী চলন্ত বাসের জানালা দিয়ে মাথা বের করে দেয় এবং গাছের ডালের আঘাতে মারা যায়।
সরিষাবাড়ী থানার ওসি চাঁন মিয়া বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। এ ঘটনায় বাসের চালককে আটক ও বাসটি জব্দ করে থানায় নেওয়া হয়েছে। পরিবারে কারো কোনো অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।
