সরিষাবাড়িতে মসজিদে সেজদারত অবস্থায় মুয়াজ্জিনের মৃত্যু
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
সরিষাবাড়ী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা গ্রামে সোমবার রাত ৮টার দিকে মসজিদে নামাজরত অবস্থায় বরকত আলী মুন্সি (৭০) নামে এক মুয়াজ্জিনের মৃত্যু হয়েছে।
এ ঘটনায় মসজিদ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিন বরকত আলী মুন্সি। তিনি প্রতিদিনের মতো সোমবার মসজিদে গিয়ে এশার নামাজের আজান দেন। এরপর দুই রাকাত সুন্নত নামাজ পড়া শুরু করেন তিনি। এ সময় সেজদারত অবস্থায় মসজিদের মধ্যে লুটিয়ে পড়ে তার মৃত্যু হয়।
বরকত আলী মুন্সি নাতি হাবিব মিয়া জানান, দীর্ঘদিন ধরে পাটাবুগা জামে মসজিদের মুয়াজ্জিনের দ্বায়িত্ব পালন করে আসছিলেন তিনি। সোমবার রাতে এশার নামাজের আযান শেষ করে সুন্নত নামাজ পড়তে বসলে সেজদারত অবস্থায় তার মৃত্যু হয়।
