বকশিগঞ্জে পিকআপ চাপায় স্কুল শিক্ষিকা নিহত
কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:
জামালপুরের বকশিগঞ্জ-কামালপুর মহাসড়কে হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় পিকআপ চাপায় ফৌজিয়া আফরিন (৩৬) নামে এক স্কুল শিক্ষিকা নিহত হয়েছেন।
নিহত ফৌজিয়া আফরিন বকশিগঞ্জ উপজেলার মধ্য ঘাষিরপাড়া গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত শিক্ষিকা মঙ্গলবার সকালে নিজ বাড়ি থেকে ব্যাটারী চালিত অটো ভ্যানে করে তার শিক্ষা প্রতিষ্ঠান রহিমা সালাম স্কুল এন্ড কলেজের উদ্দেশ্যে যাচ্ছিলেন। এ সময় বকশিগঞ্জ-কামালপুর মহাসড়কে হাইওয়ে থানা সংলগ্ন এলাকায় বিপরীত দিক থেকে দ্রুতগতিতে আসা একটি পিকআপ ভ্যান অটো ভ্যানকে ধাক্কা দেয়। এসময় গুরুতর আহত হয় অটো ভ্যানে থাকা স্কুল শিক্ষিকা ফৌজিয়া আফরিন।
পরে স্থানীয়রা মুমূর্ষু অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক ফৌজিয়াকে মৃত ঘোষণা করেণ।
বকশিগঞ্জ হাইওয়ে থানার ওসি ইস্তিয়াক আহমেদ জানান,পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়না তদন্তে মরদেহ হস্তান্তর করা হয়েছে। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে তবে ঘাতক পিকআপ ভ্যানটিকে আটক করা যায়নি।
