ইসলামপুরে বিএনপি নেতার বিরুদ্ধে খাদ্যবান্ধব চাল বিতরনে অনিয়মের অভিযোগ

ইসলামপুর প্রতিনিধি : ইসলামপুরের সাপধরী ইউনিয়নের দূর্গম চরাঞ্চল মন্ডলপাড়া এলাকায় খাদ্য বান্ধব কর্মসুচীর ১৫ টাকা কেজি দরের চাল বিতরণে অনিয়মের খবর পাওয়া গেছে।
জানা গেছে, জামালপুর জেলার ইসলামপুর উপজেলার সাপধরী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান সম্প্রতি খাদ্য বান্ধব কর্মসুচীর ডিলার হিসেবে নিয়োগ পেয়েছেন। তিনি ডিলার হিসাবে নিয়োগ পেয়ে মঙ্গলবার দুপুরে প্রথম দফায় সাপধরী ইউনিয়নের মন্ডলপাড়া বাজারের পাশে যমুনার ধারে নৌকা থেকে ১৫ টাকা কেজি দরের চাল বিতরণ করেন। এসময় তিনি বস্তা প্রতি ৪৫০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করে আদায় করেন। এতে বস্তা প্রতি ৫০ টাকা বেশী আদায় করেন। সেই হিসাবে ৪৮৬ জন অতি দরিদ্র মানুষের নিকট থেকে সরকারী চাল বিতরণে তিনি প্রথম দফায় অবৈধ আয় করেন ২৪ হাজার ৩শ টাকা। এঘটনার বর্ণনায় মঙ্গলবার দুপুর থেকেই সাপধরীর বাসিন্দা সাংবাদিক আজিজুর রহমান চৌধুরীর ফেইসবুক পেইজসহ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি স্ট্যাটাস ও কিছু ভিডিও চিত্র ক্রমেই ভাইরাল হতে থাকে।
এব্যাপারে সাপধরী ইউনিয়নে দায়িত্ব প্রাপ্ত উপসহকারী কৃষি কর্মকর্তা রাশেদুজ্জামান জানান, ইসলামপুর উপজেলা খাদ্য কর্মকর্তা মাহাবুব আলম সাপধরীর ডিলার মো: মোস্তাফিজুর রহমানকে ইসলামপুরের গুঠাইল ঘাটে ডেকে নিয়ে
জিজ্ঞাসাবাদ করেছেন।
ইসলামপুরের ইউএনও মো: তৌহিদর রহমান সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই স্ট্যাটাস ও কিছু ভিডিও চিত্র দেখে তিনি জরুরী ব্যবস্থা নিবেন বলে তাৎক্ষনিক ভাবে কমেন্টস করেছেন।
