ইসলামপুরে খাদ্য অধিদপ্তরের ৬ শতাধিক বস্তা সরকারি চাল জব্দ
ইসলামপুর প্রতিনিধি:
জামালপুরের ইসলামপুর উপজেলার সদর ইউনিয়নের কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের এক চাল ব্যবসায়ীর বাড়ি থেকে সরকারি খাদ্য অধিদপ্তরের সিল সম্মিলিত প্রায় ছয়শত বস্তা চাল জব্দ করেছে যৌথবাহিনী ।
শুক্রবার রাত নয়টার দিকে এ চাল জব্দ করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রেজোয়ান ইফতেকার।
কাঁচিহার গ্রামবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আজগর আলীর ছেলে আনোয়ার সরকারি চাল কেনা বেচা করছে। হত দরিদ্রদের মাঝে বিতরণ করা চালসহ সরকারের বিভিন্ন খাদ্যবান্ধব কর্মসূচির চাল কিনে কালোবাজারি করার জন্য তার বসত দুটি ঘরে মজুত করে রাখতো। পরে সেখান থেকে ট্রাকযোগে দেশের বিভিন্ন খাদ্য গোডাউন ও চালের ডিলারদের কাছে বিক্রি করতেন।
এদিকে গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাত নয়টা দিকে অভিযান চালায় যৌথ বাহিনী । এ সময় কাঁচিহারা মধ্যপাড়া এলাকায় চালের ব্যবসায়ী আনোয়ারের বসতি থেকে ৬ শতাধিক চালের বস্তা জব্দ করা হয়।
কাঁচিহারা মধ্যপাড়া গ্রামের এলাকাবাসীরা আরো জানান, এখানে সরকারি চাল রাখা হয় সেটা তাদের জানা ছিল না। সে গরিব মানুষকে ঠকিয়ে চালের ব্যবসা করছে। গোপনে সে এই অবৈধ ব্যবসা করছে। চাল জব্দ করায় প্রশাসনকে ধন্যবাদ। সেইসঙ্গে চাল ব্যবসায়ীকে শাস্তি দাবি করছি।
ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ বলেন, সন্ধ্যার সময় সেনাবাহিনীর টহলরত টিম গোপন সংবাদ পেয়ে জনৈক আনোয়ার হোসেনের বাড়িতে অভিযান পরিচালনা করেন। এ সময় সরকারি চাউল জব্দ করা হয়েছে। যাচাই বাছাই করে চাউল আমানত সংগ্রহের জন্য বাড়ির মালিক আনোয়ারের বিরুদ্ধে মামলা প্রক্রিয়া চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা তৌহিদুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে ৬শতাধিক বস্তা সরকারি চাল জব্দ করা হয়েছে। যাচাই বাচাই শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
