আলোচিতইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

জামালপুরে ২৬২ বস্তা ভিজিএফের চাল উদ্ধার, আটক ৪

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের সরিষাবাড়ী ও ইসলামপুরে অভিযান চালিয়ে অবৈধ মজুদ ২৬২ বস্তা সরকারি ভিজিএফ চাল উদ্ধার করেছে যৌথ বাহিনী। ঘটনায় জড়িত থাকার অপরাধে মিল মালিকসহ ৪ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও আভিযানিক দল সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে তারাকান্দি সেনাবাহিনীর অস্থায়ী ক্যাম্পের (২৬ বীর) সিনিয়র ওয়ারেন্ট অফিসার ছাবিদ আলী ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) লিজা রিছিলের নেতৃত্বে রবিবার রাতে সেনাবাহিনী ও পুলিশ অভিযান চালায়। এ সময় ভিজিএফ কার্ডের বিতরণের ৫৬ বস্তায় ২ হাজার ৮০০ কেজি চাল অবৈধভাবে মজুদ করে বস্তা পাল্টিয়ে বিক্রির উদ্দেশে ইজিবাইক যোগে নিয়ে যাওয়ার সময় চালগুলো জব্দ করে।

এ ঘটনায় জড়িত থাকার অপরাধে উপজেলার ভাটারা ইউনিয়নের রঘুনাথপুর এলাকার আশিক মিয়া, মো. শান্ত ও মহাদান ইউনিয়নের সানাকৈর গ্রামের রায়হান মিয়া নামে ৩ জনকে গ্রেপ্তার করে যৌথবাহিনী। পরে উদ্ধার চাল ও গ্রেপ্তার ৩ জনকে প্রশাসনের উপস্থিতিতে পুলিশের হেফাজতে হস্তান্তর করা হয়।

এ ব্যাপারে সরিষাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাশেদুল হাসান বলেন, যৌথবাহিনীর অভিযানে উদ্ধার ৫৬ বস্তা চাল ও আটক ৩ জনকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

অপরদিকে ইসলামপুর পৌর শহরের গাঁওকুড়া এলাকার মা রাইচ মিলের মালিক আরিফ মিয়া গোডাউনে অবৈধভাবে চাল মজুদ করে বিভিন্ন কোম্পানির সিলযুক্ত বস্তায় বাজারজাত করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে গভীর রাতে যৌথবাহিনী অভিযান চালিয়ে চাল জব্দ এবং মিল মালিক আরিফকে আটক হয়।

ইসলামপুর থানার ওসি সাইফুল্লাহ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মা রাইচ মিলে অভিযান পরিচালনা করা হয়। এ সময় মজুদকৃত সরকারি চাউল জব্দ করা হয়েছে। চাল আমানত সংগ্রহের জন্য মিল মালিক আরিফ মিয়াকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *