মেলান্দহে মাথা ও দুই হাতের কবজি বিহীন নারীর মরদেহ উদ্ধার
মেলান্দহ প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলায় একটি ব্রিজের নিচ থেকে মাথা ও দুই হাতের কবজি বিহীন অজ্ঞাত এক নারীর (৩৫) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার সন্ধ্যা ৬টার দিকে জামালপুর-দেওয়ানগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মেলান্দহের মামা-ভাগ্নে এলাকার বেলী ব্রিজের নিচ থেকে বস্তাবন্দি এ মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যা ৬টার দিকে মামা-ভাগ্নে এলাকার একটি বেলী ব্রিজের নিচে কয়েকটি কুকুরকে একটি বস্তা টানতে দেখেন স্থানীয়রা। স্থানীয়রা বস্তার কাছে গিয়ে ছেড়া অংশ দিয়ে মানুষের মরদেহ দেখতে পান। স্থানীয়রা পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে কুকুরে টানতে থাকা ওই বস্তা খুলে অজ্ঞাত পরিচয়ের এক নারীর মাথা ও দুই হাতের কবজিহীন মরদেহ উদ্ধার করে। তাৎক্ষণিক ওই নারীর পরিচয় জানা যায়নি।
মেলান্দহ থানার ওসি সফিকুল ইসলাম বলেন, মাথা ও দুই হাতের কবজিহীন এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ৩০-৪০ বছর বয়সী কোন নারীর বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। হাত না থাকায় আঙ্গুলের ছাপের মাধ্যমে তার পরিচয় শনাক্ত করা সম্ভব নয়। এজন্য ডিএনএ পরীক্ষা করতে হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড। ময়না তদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
