আলোচিতউপজেলার সংবাদজামালপুরসরিষাবাড়ি

সরিষাবাড়ীতে বরখাস্তকৃত প্রধান শিক্ষককে পুনর্বহাল শিক্ষার্থী, অভিভাবক- ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ

সরিষাবাড়ি প্রতিনিধি:

আপিল অ্যান্ড আরবিট্রেশন বোর্ডে বিচারাধীন মামলা উপেক্ষা করে জামালপুর জেলার সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দুর্নীতির দায়ে চূড়ান্তভাবে বরখাস্ত হওয়া ওয়াজেদা পারভীনকে পুনর্বহাল করার ঘটনা ঘটেছে।

বিদ্যালয়ের অভিযোগকারী সাবেক শিক্ষক ও ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বিকাশ চন্দ্র সাহা লিটন, অভিযুক্ত প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীন এবং ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান সামাদ বিষয়টি নিশ্চিত করেছেন ।

প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনকে পুনর্বহাল করায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক-কর্মচারীদের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।

বিদ্যালয়ের অভিযোগকারী সাবেক শিক্ষক-শিক্ষার্থী এবং অভিযুক্ত শিক্ষক সূত্রে জানা গেছে, সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারী শিক্ষক (ইংরেজি) মোস্তাফিজুর রহমান ও শিক্ষার্থীরা গত ২৮ আগস্ট ২৪ সালে ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসারের নিকট প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের কাছ থেকে ব্যাংক রশিদের মাধ্যমে আদায়কৃত অর্থ শিক্ষা প্রতিষ্ঠানের হিসাবে জমা না দিয়ে ব্যক্তিগত ব্যাংক হিসাবে জমা করে আত্মসাৎসহ বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগ করেন।

এই অভিযোগ তদন্ত পূর্বকব্যবস্থা গ্রহনের দাবীতে বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

পাশাপাশি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকরা তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনে ইউএনও’র নিকট অভিযোগপত্র দাখিল করেন। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ৩ সেপ্টেম্বর ২৪ তারিখে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তাকে আহ্বায়ক করে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও উপজেলা সমবায় কর্মকর্তাসহ তিন সদস্য বিশিষ্ট একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদনে প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনের বিরুদ্ধে আনীত দুর্নীতির অভিযোগ প্রমাণিত হওয়ায় গত ২১ সেপ্টেম্বর ২৪ তারিখে তাকে কারণ দর্শানো নোটিশ দেওয়া হয়।

ওয়াজেদা পারভীনের জবাব সন্তোষজনক না হওয়ায় তদন্ত প্রতিবেদন অনুযায়ী গত ৪ নবেম্বর ২৪ তারিখে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও তৎকালীন উপজেলা নির্বাহী অফিসার শারমিন আক্তার তাকে প্রধান শিক্ষকের পদ থেকে সাময়িক বরখাস্ত করেন। এরপর ২ জানুয়ারী ২৫ তারিখে বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার অরুণ কৃষ্ণ পাল তাকে চূড়ান্তভাবে বরখাস্ত করে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন বোর্ডে একটি মোকদ্দমা দায়ের করেন।

সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম ও ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আসাদুজ্জামান সামাদ ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের আপিল অ্যান্ড আরবিট্রেশন বোর্ডের চেয়ারম্যান বরাবর গত ১৫ জুন মামলা প্রত্যাহারের আবেদন করেন। আবার একই দিন (১৫ জুন) ম্যানেজিং কমিটির সভায় অভিযুক্ত প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনকে পুনর্বহাল করার সিদ্ধান্ত নেয়।

বিষয়টি ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য বিকাশ চন্দ্র সাহা লিটন নিশ্চিত করে বলেন, ২২ জুন সকালে অভিযুক্ত প্রধান শিক্ষক ওয়াজেদা পারভীনকে ম্যানেজিং কমিটি দায়িত্বভার বুঝিয়ে দেয়।

উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্বে) মোহাম্মদ ছানোয়ার হোসেন বলেন, সরিষাবাড়ী সালেমা খাতুন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পুনর্বহাল করার বিষয়টি তাকে অবগত করা হয়নি। তিনি বিষয়টি জেনে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান।

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, ময়মনসিংহ এর চেয়ারম্যান প্রফেসর ড. মো. শহিদুল্লাহ জানান, সরিষাবাড়ী সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের চূড়ান্ত বরখাস্তকরণ বিষয়ে আপিল অ্যান্ড আরবিট্রেশন বোর্ডে বিচারাধীন রয়েছে। তিনি আরো বলেন, তাকে পুনর্বহাল করার বিষয়টি জেনে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *