আলোচিতউপজেলার সংবাদজামালপুরবকশীগঞ্জ

বকশিগঞ্জে সাংবাদিক নাদিম হত্যা মামলার প্রধান আসামি বাবু চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় এলাকায় ক্ষোভ ও নিন্দার ঝড়

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরের বকশিগঞ্জে সাংবাদিক গোলাম রাব্বানী নাদিম হত্যা মামলার প্রধান আসামি মাহমুদুল আলম বাবু ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ ফিরে পেয়েছেন। পদ ফিরে পাওয়ায় এলাকায় ক্ষোভ বিরাজ করছে।

জানা গেছে, উপজেলার সাধুরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদুল আলম বাবু সাংবাদিক নাদিম হত্যাকান্ডের সঙ্গে জড়িত থাকায় ২০২৩ সালের ২০ জুন মাহমুদুল আলম বাবুকে ইউপি চেয়ারম্যানের পদ থেকে সাময়িক বরখাস্ত করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। তিনি ওই সময় সাংবাদিক হত্যা মামলার অভিযোগে কারাগারে ছিলেন। কারাগারে থেকে জামিনে বের হয়ে তিনি সাময়িক বরখাস্তের আদেশ স্থগিত চেয়ে উচ্চ আদালতে রিট পিটিশন দায়ের করেন। এর পরিপ্রেক্ষিতে এ বছরের ১৯ ফেব্রুয়ারি আদালত ৬ মাসের জন্য সাময়িক বরখাস্তের আদেশে স্থগিতাদেশ দেন। ১৯ ফেব্রুয়ারি থেকেই রায় ছয় মাস কার্যকর হলে তিনি আর মাত্র ২০ দিন চেয়ারম্যান পদে থাকতে পারবেন। এদিকে মাহমুদুল আলম বাবু চেয়ারম্যান পদ ফিরে পাওয়ায় সামাজিক যোগাযোগ মাধ্যমে ও এলাকায় ক্ষোভ এবং নিন্দার ঝড় বইছে।

স্থগিতাদেশ প্রত্যাহারের প্রেক্ষিতে ২৮ জুলাই বকশিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানার স্বাক্ষরিত এক অফিস আদেশে বাবুকে চেয়ারম্যান পদে পুনর্বহালের বিষয়টি সাধুরপাড়া ইউনিয়ন পরিষদকে জানানো হয়।

জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (উপ পরিচালক, স্থানীয় সরকার) এ কে এম. আব্দুল্লাহ-বিন-রশিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, মাহমুদুল আলম বাবুকে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। এ বছরের ১৯ ফেব্রুয়ারি হাইকোর্ট তার বরখাস্তের আদেশের ওপর ছয় মাসের স্থগিতাদেশ দেন। মন্ত্রণালয়ের চিঠি পাওয়ার পর আমরা সে অনুযায়ী ব্যবস্থা নিয়েছি। তবে হাইকোর্টের রায়টি ১৯ ফেব্রুয়ারি থেকে ৬ মাসের জন্য কার্যকর হওয়ায় বাবু আর মাত্র ২০ দিন চেয়ারম্যানের দায়িত্ব পালন করতে পারবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, সংবাদ প্রকাশকে কেন্দ্র করে ২০২৩ সালের ১৪ জুন বুধবার রাতে বকশিগঞ্জ বাজারের পাটহাটি এলাকায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাহমুদুল আলম বাবুর সন্ত্রাসী বাহিনীর হামলার শিকার হন বাংলানিউজ ২৪ ডটকমের জেলা প্রতিনিধি ও জামালপুর অনলাইন জার্নালিস্ট এসোসিয়েশনের সহ-সভাপতি নাদিম। ১৫ জুন বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টায় ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ হত্যাকান্ডের ঘটনায় সাধুরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহমুদুল আলম বাবুকে প্রধান আসামী করে ২২ জনের বিরুদ্ধে নাদিমের স্ত্রী বাদী হয়ে বকশিগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ওই মামলায় বাবুকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়। বর্তমানে তিনি জামিনে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *