উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সংযুক্তি কার্যক্রমের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুরঃজামালপুর জেলা প্রশাসনের উদ্যোগে ৭৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের প্রশিক্ষণার্থীবৃন্দের জেলা ও উপজেলায় সংযুক্তি কার্যক্রমের মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার জনাব সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) মহোদয়।

প্রশিক্ষণার্থীরা সংযুক্তি কার্যক্রম থেকে অর্জিত অভিজ্ঞতা তুলে ধরে বিভিন্ন বিষয়ে প্রেজেন্টেশন উপস্থাপন করেন। এসব উপস্থাপনার ওপর গঠনমূলক আলোচনা ও মূল্যায়ন করা হয়।

জেলা প্রশাসক হাছিনা বেগম মহোদয় তাঁর বক্তব্যে প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন—“সংযুক্তি কার্যক্রমের মাধ্যমে আপনারা জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, সামাজিক সুরক্ষা, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন সরকারি কার্যক্রম প্রত্যক্ষভাবে দেখেছেন, শুনেছেন এবং উপলব্ধি করেছেন। এই অভিজ্ঞতা আপনাদের বাস্তবমুখী করে তুলবে। রাষ্ট্র ও জনগণ আপনাদের কাছ থেকে অনেক কিছু প্রত্যাশা করে। সর্বদা জনগণের প্রতি আন্তরিক, সহজ-সরল এবং জবাবদিহিতামূলক আচরণ প্রদর্শন করতে হবে। উদ্ভাবনী চিন্তা-ভাবনা, তথ্যপ্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করতে হবে। জনসেবা, নিষ্ঠা, দেশপ্রেম ও মানবিক মূল্যবোধকে অন্তরে ধারণ করতে হবে।”

তিনি আরও বলেন—“আমি বিশ্বাস করি, আগামী দিনে সততা ও নিষ্ঠার মাধ্যমে আপনারা মাঠ প্রশাসনকে আরও গতিশীল করবেন এবং দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করে সুন্দর ভবিষ্যৎ গড়ে তুলবেন। আপনাদের সমৃদ্ধ কর্মজীবনের জন্য আন্তরিক শুভকামনা রইল।”

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম পিপিএম (সেবা) মহোদয় প্রশিক্ষণার্থীদের উদ্দেশে বলেন—“অভিজ্ঞতা, শৃঙ্খলা ও সততার সমন্বয় ঘটিয়ে মানুষের আস্থা অর্জনই হবে প্রশাসনের মূল সাফল্য। এই প্রশিক্ষণের অভিজ্ঞতা কাজে লাগিয়ে দক্ষ, জনবান্ধব ও জবাবদিহিমূলক প্রশাসনিক সেবা নিশ্চিত করতে হবে।”

অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক জনাব হাছিনা বেগম মহোদয় প্রশিক্ষণার্থীদের হাতে জামালপুরের ঐতিহ্যবাহী নকশিকাঁথা তুলে দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *