উপজেলার সংবাদজাতীয়জামালপুর

জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ জামালপুরে ৪৫ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়নপত্র বৈধ ১৯ জনের বাতিল

কাফি পারভেজ, স্টাফ রিপোর্টার:

জামালপুরে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গত ৩ এবং ৪ জানুয়ারি জামালপুরের পাঁচটি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাইয়ে মোট ৪৫ প্রার্থীর মধ্যে ২৬ জনের মনোনয়নপত্র বৈধ এবং ১৯ জনের বাতিল করা হয়েছে।

দ্বিতীয় দিন রবিবার জামালপুর-৪ (সরিষাবড়ি) ও জামালপুর-৫ (সদর) এ দুটি আসনে মনোনয়নপত্র যাচাই বাছাই সম্পন্ন হয়। জেলা নির্বাচন কর্মকর্তা মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দুটি আসনে ২১ প্রার্থীর মধ্যে সাতজনের মনোনয়নপত্র বাতিল এবং ১৪ জনের মনোনয়ন বৈধ ঘোষণা করেন।

যাচাই-বাছাইয়ে জামালপুর-৪ (সরিষাবড়ি) আসনে বিএনপির প্রার্থী মো. ফরিদুল কবীর তালুকদার, জামায়াতে ইসলামীর মোহাম্মদ আব্দুল আওয়াল, গণঅধিকার পরিষদের ইকবাল হোসেন, নাগরিক ঐক্যের কবির হাসান, ইসলামী আন্দোলনের আলী আকবর, স্বতন্ত্র মেহেরজান আরা তালুকদারের প্রার্থিতা বৈধ এবং জাতীয় পার্টির মোহা. মামুনুর রশিদ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির মো. মাহবুব জামান জুয়েল, জাতীয় পার্টির আবুল কালাম আজাদের প্রর্থিতা বাতিল করা হয়।
অপরদিকে দুটি আসনে মনোনয়নপত্র দাখিল করায় জামায়াতের আব্দুল আওয়ালের জামালপুর-৫ (সদর) আসনের প্রার্থিতা বাতিল করে জামালপুর-৪ (সরিষাবড়ি) আসনের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

জামালপুর-৫ (সদর) আসনে বিএনপির প্রার্থী শাহ মো. ওয়ারেছ আলী মামুন, বাংলাদেশ কংগ্রেসের আবু সায়েম মোহাম্মদ সা-আদাত উল করীম, ইসলামী আন্দোলনের সৈয়দ ইউনুছ আহাম্মদ, জাতীয় পার্টির বাবর আলী খান, জামায়াতের মুহাম্মদ আব্দুল সাত্তার, এবি পার্টির মুহাম্মদ ছানোয়ার হোসেন, জাতীয় সমাজতান্ত্রিক দলের আমির উদ্দিন, গণঅধিকার পরিষদের জাকির হোসেনের প্রার্থিতা বৈধ এবং জাতীয় পার্টির মো. জাকির হোসেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির শেখ মো. আক্কাছ আলী, স্বতন্ত্র মাসুদ ইব্রাহীম, হোছনেয়ারা বেগমের প্রার্থিতা বাতিল ঘোষণা করা হয়েছে।

এর আগে শনিবার দিনব্যাপী জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী যাচাই-বাছাই কার্যক্রম পরিচালনা করেন। জামালপুর-১, ২ ও ৩ আসনে ২৪ জনের মধ্যে ১২ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে প্রাপ্ত তথ্য অনুযায়ী, জামালপুর-১ (দেওয়ানগঞ্জ-বকশিগঞ্জ) আসনে চারজন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ৩জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে তারা হলেন, বিএনপির কেন্দ্রীয় কোষাধ্যক্ষ সাবেক এমপি এম. রশিদুজ্জামান মিল্লাত, জামায়াতের ইসলামীর নাজমুল হক সাঈদী ও ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী আবদুর রউফ তালুকদারের। অন্যদিকে জাতীয় পার্টির (জিএম কাদের) এ এস এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

জামালপুর-২ (ইসলামপুর) আসনে ৯জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে ৩জন বৈধ প্রার্থী হলেন, বিএনপির সুলতান মাহমুদ বাবু, জামায়াতে ইসলামীর সামিউল হক ফারুকি, ইসলামী আন্দোলন বাংলাদেশের সুলতান মাহমুদ সিরাজী।
মনোনয়ন পত্র বাতিল হয়েছে যাদের তারা হলেন, বিএনপির মনোনয়ন বঞ্চিত শরিফুল ইসলাম খান, জাতীয় পার্টি মোস্তফা আল মাহমুদ, জাতীয় পার্টির (জিএম কাদের) আনোয়ার হোসেন, স্বতন্ত্র প্রার্থী অর্নব ওয়ারেছ খান, শওকত হাসান মিয়া ও মীর শরিফ হাসান লেনিন।

জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনে ১১জন প্রার্থী মনোনয়ন পত্র দাখিল করেন। এর মধ্যে বৈধ ৬ জন প্রার্থীরা হলেন, বিএনপি মনোনীত প্রার্থী মো. মোস্তাফিজুর রহমান বাবুল, ইসলামী আন্দোলন বাংলাদেশের ইঞ্জিনিয়ার মোহাম্মদ দৌলতুজ্জামান আনছারী, জাতীয় পার্টির মীর সামসুল আলম লিপটন, গণঅধিকার পরিষদের লিটন মিয়া ও মো. রুবেল মিয়া এবং গণসংহতি আন্দোলনের ফিদেল নঈম।

মনোনয়নপত্র বাতিল ৫জন প্রার্থীরা হলেন, স্বতন্ত্র প্রার্থী মো. সাদিকুর রহমান সিদ্দিকী শুভ, জামায়াতে ইসলামীর মো.মুজিবুর রহমান আজাদী, স্বতন্ত্র প্রার্থী ফারজানা ফরিদ, শিবলুল বারী রাজু এবং এ এস এম শাহীনুর রহমান।

রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ ইউসুপ আলী জানান, প্রয়োজনীয় কাগজপত্র ও হলফনামায় ত্রুটি থাকায় এসব মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। মনোনয়ন বাতিল হওয়া প্রার্থীরা নির্বাচন কমিশনে আপিল করার সুযোগ পাবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *