চুরি প্রতিরোধে ভাঙ্গারির দোকানে ডিবি ও থানা পুলিশের যৌথ অভিযান

মোঃ রুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধিঃ চুরি প্রতিরোধ ও চোরাই মালামাল কেনাবেচা বন্ধের লক্ষ্যে জামালপুর জেলার সদর থানাধীন বিভিন্ন ভাঙ্গারির দোকানে ডিবি পুলিশ ও থানা পুলিশের যৌথ অভিযান পরিচালিত হয়েছে। অভিযানের পাশাপাশি দোকান মালিকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য দিকনির্দেশনামূলক কার্যক্রমও পরিচালনা করা হয়।
বুধবার দিনব্যাপী পরিচালিত এ অভিযানে জামালপুর সদর উপজেলার বিভিন্ন এলাকার ভাঙ্গারি দোকান পরিদর্শন করেন ডিবি ও থানা পুলিশের সদস্যরা। এ সময় দোকান মালিকদের সতর্ক করে বলা হয়, কোনো প্রকার সন্দেহজনক বা চোরাই মালামাল ক্রয়-বিক্রয় থেকে বিরত থাকতে হবে। এছাড়া অচেনা ব্যক্তির কাছ থেকে মালামাল কেনার ক্ষেত্রে তাদের পরিচয় নিশ্চিত করার পরামর্শ দেওয়া হয়।
পুলিশ কর্মকর্তারা জানান, সাম্প্রতিক সময়ে বিভিন্ন স্থানে চুরির ঘটনার পরিপ্রেক্ষিতে চোরাই মালামাল যাতে ভাঙ্গারি দোকানের মাধ্যমে বিক্রি হতে না পারে, সে লক্ষ্যে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম জোরদার করা হয়েছে।
অভিযানকালে দোকান মালিকদের কাছে একটি রেজিস্টার খাতা রাখার নির্দেশনা দেওয়া হয়, যেখানে মালামাল বিক্রয়কারী ব্যক্তির নাম, ঠিকানা ও মোবাইল নম্বর সংরক্ষণ করতে বলা হয়েছে। পাশাপাশি কোনো সন্দেহজনক বিষয় নজরে এলে তাৎক্ষণিকভাবে নিকটস্থ থানায় জানানোর জন্যও আহ্বান জানানো হয়।
জামালপুর সদর থানার অফিসার্স ইনচার্জ মোঃ মিজানুর রহমান জানান, “চুরি প্রতিরোধে পুলিশের পাশাপাশি সাধারণ মানুষের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাঙ্গারি দোকানগুলো সচেতন থাকলে চোরাই মালামালের বাজার অনেকটাই বন্ধ করা সম্ভব।”
এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে পুলিশ সূত্রে জানা গেছে। এ সময় উপস্থিত ছিলেন জামালপুর জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আব্দুল কাইয়ুমসহ ডিবি পুলিশ ও থানা পুলিশের সদস্যবৃন্দ।
