মিথ্যা অভিযোগ উপেক্ষা করে জনগণের আস্থায় এগিয়ে যাচ্ছেন ইসলামপুরের মেম্বার প্রার্থী আব্দুল কুদ্দুস
জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের ইসলামপুর উপজেলার ১১নং চরপুটিমারী ইউনিয়নে যুবদল নেতা আব্দুল কুদ্দুসকে ঘিরে ওঠা নানা অভিযোগকে “মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত” বলে দাবি করেছেন স্থানীয়রা। মেম্বার প্রার্থী হিসেবে আত্মপ্রকাশের পর থেকেই তাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে একটি মহল অপপ্রচার চালাচ্ছে বলে অভিযোগ উঠেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল কুদ্দুস আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে মেম্বার প্রার্থী হওয়ার ঘোষণা দেন। এরপর থেকেই তার বিরুদ্ধে মাদক ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার মতো নানা অভিযোগ ছড়ানো হচ্ছে, যা তিনি এবং তার সমর্থকরা সম্পূর্ণ ভিত্তিহীন বলে দাবি করছেন।
স্থানীয় একাধিক বাসিন্দা জানান, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে কুদ্দুস রাজনীতির মাঠে সক্রিয়ভাবে কাজ শুরু করেন। এলাকায় সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে অংশগ্রহণ এবং তরুণদের সংগঠিত করার কারণে তিনি দ্রুত জনপ্রিয়তা অর্জন করেন। এতে কিছু স্বার্থান্বেষী মহল ক্ষুব্ধ হয়ে তাকে নিয়ে অপপ্রচার শুরু করে।
তারা আরও বলেন, “কুদ্দুস একজন সহজ-সরল মানুষ। ছোটবেলা থেকেই বাবা-মা হারিয়ে অনেক কষ্ট করে বড় হয়েছেন। এখন তিনি মানুষের জন্য কাজ করতে চান। কিন্তু তার এই অগ্রযাত্রা থামাতে কিছু মানুষ মিথ্যা অভিযোগ তুলে তাকে ফাঁসানোর চেষ্টা করছে।”
এ বিষয়ে আব্দুল কুদ্দুস বলেন, “আমি মেম্বার প্রার্থী ঘোষণার পর থেকেই পরিকল্পিতভাবে আমার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। কিন্তু এসব মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে থামানো যাবে না। আমি জনগণের জন্য কাজ করতে চাই এবং নির্বাচন করবো ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমি সবসময় এলাকার মানুষের পাশে ছিলাম, আছি এবং থাকবো। জনগণের ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি।”
এদিকে এলাকাবাসী বিষয়টি নিরপেক্ষভাবে তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানিয়েছেন। তারা মনে করেন, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের চিহ্নিত করা হলে এমন অপপ্রচার বন্ধ হবে এবং একটি সুষ্ঠু নির্বাচন পরিবেশ নিশ্চিত করা সম্ভব হবে।
