মাদারগঞ্জে দুই গরু চোর জনতার হাতে আটক

মোঃ মানিক ইসলাম(মাদারগঞ্জ) জামালপুর প্রতিনিধিঃ জামালপুরের মাদারগঞ্জ উপজেলার ৭নং সিধুলী ইউনিয়নের রায়ের ছড়া গ্রামে গরু চুরির সময় জনতার হাতে দুই চোর আটক হয়েছে। শুক্রবার দিবাগত রাত আনুমানিক ১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, রায়ের ছড়া গ্রামের শফিকুল ইসলামের বাড়িতে গরু চুরির চেষ্টা চালায় কয়েকজন চোর। এ সময় এলাকাবাসী টের পেয়ে ধাওয়া দিলে দুইজন চোরকে হাতে-নাতে আটক করতে সক্ষম হয়। আটককৃতরা হলেন সরিষাবাড়ী উপজেলার বাসিন্দা মোঃ মোকসেদ (৪৭) ও আজিজ (৩৫)।
আটক ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে জানান, তাদের সাথে আরও ৪ জন সহযোগী ছিল, যারা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ফলে এ ঘটনায় মোট ৪ জন পলাতক রয়েছে।
পরে রাত প্রায় ৩টার দিকে খবর পেয়ে শ্যামগঞ্জ কালিবাড়ি ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আটক দুইজনকে হেফাজতে নেয়। পরবর্তীতে তাদের মাদারগঞ্জ মডেল থানায় প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, পলাতক অন্যান্য চোরদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
