ইসলামপুরউপজেলার সংবাদজামালপুর

ইসলামপুরে মমিনুল হত্যা মামলার পলাতক আসামি গ্রেফতার


মোঃ রুহুল আমিন রাজু,নিজস্ব প্রতিবেদক, জামালপুর:
জামালপুরের ইসলামপুরে আলোচিত মমিনুল ওরফে মনিরুল হত্যা মামলার এক পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১৪, সিপিসি-১, জামালপুর ক্যাম্প।
র‍্যাব সূত্রে জানা গেছে, গত ২ সেপ্টেম্বর ২০২৫ রাত আনুমানিক ১১টার দিকে মমিনুল ওরফে মনিরুলকে তার কয়েকজন বন্ধু পরিকল্পিতভাবে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরে ইসলামপুর উপজেলার বোলাকীপাড়া এলাকায় একটি নৌকায় তাকে নির্মমভাবে হত্যা করে মরদেহ দশানী নদীতে ফেলে দেওয়া হয়।
এ ঘটনায় নিহতের মা মোছা. জহুরা আক্তার বাদী হয়ে ইসলামপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলাটি (নং-৯, তারিখ: ৯ সেপ্টেম্বর ২০২৫) পেনাল কোডের ৩০২/২০১/৩৪ ধারায় রুজু করা হয়। ঘটনার পর থেকেই জড়িত আসামিরা গ্রেফতার এড়াতে দেশের বিভিন্ন স্থানে আত্মগোপনে ছিল।
হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন ও জড়িতদের গ্রেফতারে র‍্যাব-১৪ এর গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত আসামি মো. আব্দুল জব্বার আলী ওরফে নহিন্দর (পিতা-মৃত নন্দা শেখ), গ্রামের বাড়ি আগুনের চর, থানা-ইসলামপুর, জেলা-জামালপুরকে গ্রেফতার করা হয়।
বুধবার (৩ জুন) রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে জামালপুর সদর উপজেলার ব্রিজপাড় শভুকুড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
র‍্যাব জানায়, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে ইসলামপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
র‍্যাব-১৪ এর পক্ষ থেকে জানানো হয়, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *