উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মেলান্দহ পৌরসভায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন


মোঃ রুহুল আমিন রাজু মেলান্দহ(জামালপুর) প্রতিনিধি:
“মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগ, ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি” বাস্তবায়নের অংশ হিসেবে জলবায়ু সহনশীল ও সবুজ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে জামালপুরের মেলান্দহ পৌরসভার বিভিন্ন স্থানে বৃক্ষরোপণ কার্যক্রমের শুভ উদ্বোধন করা হয়েছে।
শনিবার (১৩ জুন ২০২৬) মেলান্দহ পৌরসভার আয়োজনে অনুষ্ঠিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর-৩ আসনের মাননীয় সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জনাব জিন্নাতুল আরা, প্রশাসক, মেলান্দহ পৌরসভা, জামালপুর।
প্রধান অতিথির বক্তব্যে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান ঘোষিত ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি দেশের পরিবেশ সুরক্ষায় একটি যুগান্তকারী পদক্ষেপ। প্রত্যেক নাগরিককে অন্তত একটি করে গাছ রোপণ ও পরিচর্যার দায়িত্ব নিতে হবে। সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক আন্দোলন হিসেবে বৃক্ষরোপণ কর্মসূচিকে সফল করতে সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, “সবুজ বাংলাদেশ গড়তে পৌরসভার এ উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। পরিবেশ রক্ষার পাশাপাশি ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণের মাধ্যমে অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নেও ইতিবাচক প্রভাব পড়বে।”
এ সময় উপস্থিত ছিলেন মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ পৌর সভার প্রকৌশলী মোয়াক্ষির হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আখতারুজ্জামান আখতারসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে পৌরসভার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
আয়োজনে: মেলান্দহ পৌরসভা, জামালপুর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *