উপজেলার সংবাদজামালপুরমাদারগঞ্জ

প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও উঠান বৈঠক অনুষ্ঠিত

মাদারগঞ্জ প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জ উপজেলায় পরিবেশ সংরক্ষণ, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও উঠান বৈঠক-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে মাদারগঞ্জ উপজেলার ২নং কড়ইচূড়া ইউনিয়নের ১৫ নং জটিয়ারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জামালপুর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মাহবুবুর রহমান ডাবলু। সঞ্চালনা করেন প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থার সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠক মোহাম্মদ ফয়সল আহমেদ।

প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অ্যাডভোকেট মঞ্জুর কাদের বাবুল খান এবং উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন মাদারগঞ্জ মডেল থানার তদন্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন।

কর্মসূচির অংশ হিসেবে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে ১০০টি বৃক্ষের চারা বিতরণ ও রোপণ করা হয়। এর মধ্যে ছিল ৫০টি পেয়ারা ও ৫০টি নিম গাছের চারা। শিক্ষার্থীদের বৃক্ষরোপণ ও পরিচর্যার গুরুত্ব সম্পর্কেও সচেতন করা হয়।

২০২০ সালে প্রতিষ্ঠিত প্রিয় জামালপুর সমাজ কল্যাণ সংস্থা সমাজের অসহায় মানুষের কল্যাণে বিভিন্ন মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলে অত্র সংগঠনের সভাপতি এস. এম. জাকির হোসেন, সাধারণ সম্পাদক টিপু সুলতান, সহ-সভাপতি হাবিবুল্লাহ আকন্দ, সাংগঠনিক সম্পাদক ও মুখ্য সংগঠক ফয়সাল আহমেদ, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাইমুল ইসলাম লান্জু, উপদেষ্টা দোলন সোম, এবং সদস্য চাদনীসহ অন্যান্য সদস্যরা সংগঠনের কার্যক্রম পরিচালনা করছেন।

সংস্থাটি প্রতিষ্ঠার পর থেকে পথশিশুদের মাঝে খাবার বিতরণ, ভিক্ষুকদের পুনর্বাসন ও কর্মসংস্থানের উদ্যোগ, শীতবস্ত্র বিতরণ, ব্লাড ডোনেশনসহ নানা ধরনের সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে।
অনুষ্ঠানে সংস্থার নেতৃবৃন্দ ও সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের চ্যালেঞ্জ মোকাবিলা ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য বাংলাদেশ গড়ে তুলতে সমাজের প্রতিটি মানুষকে এগিয়ে আসতে হবে। পাশাপাশি মানবসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *