মেলান্দহে ১০১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার
জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহ পৌরসভার উত্তর আদিপৈত এলাকায় অভিযান চালিয়ে ১০১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মামুন মিয়া (৩১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জামালপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি বিশেষ অভিযানিক দল মেলান্দহ পৌরসভার উত্তর আদিপৈত এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে মামুন মিয়াকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি ও সঙ্গে থাকা মালামাল পরীক্ষা করে ১০১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে এলাকায় গোপনে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নজরদারি চালানো হচ্ছিল। একপর্যায়ে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জব্দ করে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলেন, সমাজকে মাদকের ভয়াল ছোবল থেকে রক্ষা করতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। মাদক নির্মূলে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতির আলোকে জেলার বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে। মাদক কারবারি ও মাদকসেবীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
স্থানীয় সচেতন মহল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ অভিযানের প্রশংসা করে বলেন, যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণকে সচেতন হতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সম্মিলিতভাবে কাজ করারও আহ্বান জানান তারা।
গ্রেফতারকৃত মামুন মিয়াকে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আদালতে সোপর্দ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
