মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত

জামালপুর প্রতিনিধি :
জামালপুর জেলার সুযোগ্য পুলিশ সুপারের নির্দেশক্রমে অদ্য ২৩ জুন ২০২৬ তারিখ মঙ্গলবার দুপুর ১২টায় মেলান্দহ থানাধীন মেলান্দহ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের হলরুমে ইভটিজিং, বাল্যবিবাহ, অনলাইন গেইম, অনলাইন জুয়া, সাইবার অপরাধ, মাদক, নারী ও শিশু নির্যাতনসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে সংঘটিত বিভিন্ন ধরনের প্রতারণা প্রতিরোধে এক সচেতনতামূলক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে ওসি মোঃ ওবায়দুর রহমান বলেন, “বর্তমান সময়ে প্রযুক্তির অপব্যবহার এবং সামাজিক অবক্ষয়ের কারণে তরুণ-তরুণীরা নানা ধরনের ঝুঁকির মধ্যে পড়ছে। ইভটিজিং, বাল্যবিবাহ, মাদকাসক্তি, অনলাইন জুয়া ও সাইবার অপরাধ আমাদের সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ থেকে নিজেদের দূরে রাখতে শিক্ষার্থীদের সচেতন হতে হবে এবং পরিবার ও শিক্ষকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।”
তিনি আরও বলেন, “সামাজিক যোগাযোগ মাধ্যমে অপরিচিত ব্যক্তির প্রলোভনে পড়ে কেউ যেন ব্যক্তিগত তথ্য, ছবি বা আর্থিক তথ্য শেয়ার না করে। কোনো ধরনের প্রতারণা, হয়রানি বা অপরাধের শিকার হলে দ্রুত আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। নিরাপদ সমাজ গঠনে পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার কোনো বিকল্প নেই।”
ওসি আরও শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, “তোমরাই আগামী দিনের নেতৃত্ব দেবে। তাই পড়াশোনার পাশাপাশি নৈতিক শিক্ষা, সামাজিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। মাদক, অপরাধ ও কুসংস্কারমুক্ত সমাজ বিনির্মাণে শিক্ষার্থীদের অগ্রণী ভূমিকা রাখতে হবে।”
আলোচনা সভায় উপস্থিত শিক্ষকবৃন্দ এ ধরনের সচেতনতামূলক কার্যক্রমকে সময়োপযোগী ও শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উপকারী বলে উল্লেখ করেন। অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন মেলান্দহ থানা পুলিশের কর্মকর্তারা এবং অপরাধ প্রতিরোধে সকলকে সচেতন থাকার আহ্বান জানান।
