মেলান্দহে নাশকতা মামলায় পৌর ছাত্রলীগের সদস্য গ্রেফতার

জামালপুর প্রতিনিধি :
জামালপুরের মেলান্দহ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের নয়ানগর বাজার এলাকা থেকে নাশকতা মামলার এক আসামিকে গ্রেফতার করেছে মেলান্দহ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. সাগর (পিতা: বিল্লাল হোসেন)। তিনি স্থানীয়ভাবে মেলান্দহ পৌর ছাত্রলীগের সদস্য হিসেবে পরিচিত বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেল আনুমানিক ৩টার দিকে নয়ানগর বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে চলমান একটি নাশকতা মামলার অভিযোগ রয়েছে।
মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ওবায়দুর রহমান বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং আদালতের নির্দেশনা বাস্তবায়নে পুলিশের নিয়মিত অভিযানের অংশ হিসেবে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।”
মেলান্দহ থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মামলার তদন্তের স্বার্থে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করার প্রস্তুতি চলছে।
এ বিষয়ে স্থানীয়দের মধ্যে নানা আলোচনা দেখা দিলেও পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও প্রাপ্ত তথ্য-প্রমাণের ভিত্তিতেই অভিযান পরিচালনা করা হয়েছে। তদন্তের অগ্রগতির সঙ্গে সঙ্গে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
উল্লেখ্য, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার পলাতক আসামিদের গ্রেফতারে জামালপুর জেলা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মেলান্দহ থানা পুলিশের এই অভিযান পরিচালিত হয়।
