কুলিয়া মাদ্রাসায় জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি :
বাংলাদেশের পরিবেশ সুরক্ষা, টেকসই উন্নয়ন এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে তারেক রহমানের সার্বিক দিকনির্দেশনায় Learning Accelerated in Climate and Environment (LAICES) প্রকল্পের আয়োজনে জামালপুরের মেলান্দহ উপজেলার কুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় এক জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি ও মাদ্রাসার সুপারসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। কর্মসূচিতে জলবায়ু পরিবর্তনের কারণ, এর প্রভাব এবং করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের ফলে প্রাকৃতিক দুর্যোগ, নদীভাঙন, অতিবৃষ্টি, খরা, তাপপ্রবাহ ও পরিবেশগত নানা সংকট দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সচেতনতা ও সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বক্তারা আরও বলেন, পরিবেশ রক্ষায় বেশি বেশি বৃক্ষরোপণ, প্লাস্টিকের ব্যবহার কমানো, পানি ও প্রাকৃতিক সম্পদের সুষ্ঠু ব্যবহার এবং পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব আচরণ গড়ে তোলার মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্মকে জলবায়ু সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলাই এ কর্মসূচির অন্যতম লক্ষ্য।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পরিবেশ সংরক্ষণে নিজেদের দায়িত্বশীল ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন। আয়োজকরা জানান, LAICES প্রকল্পের আওতায় দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম ধারাবাহিকভাবে পরিচালিত হবে, যাতে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সমাজের সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা যায়।
ছবির ক্যাপশন:
কুলিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসায় LAICES প্রকল্পের উদ্যোগে আয়োজিত জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জনসচেতনতামূলক কর্মসূচিতে উপস্থিত অতিথিবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অংশগ্রহণকারীরা।
