উপজেলার সংবাদজামালপুরসদর

জাতীয় পল্লী উন্নয়ন দিবসে জামালপুর আরডিএতে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত


মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি :
“উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে জামালপুরের পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ)-তে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) সকাল ১১টায় পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), জামালপুরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে একাডেমি প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি একাডেমি চত্বরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এবং প্রধান অতিথির বক্তব্য দেন পল্লী উন্নয়ন একাডেমি (আরডিএ), জামালপুরের মহাপরিচালক আনোয়ার হোসেন।
স্বাগত বক্তব্যে তিনি বলেন, “বাংলাদেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো গ্রাম। গ্রামের মানুষের জীবনমান উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তা তৈরির মাধ্যমে একটি আত্মনির্ভরশীল ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। পল্লী উন্নয়ন একাডেমি সরকারের উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
তিনি আরও বলেন, “পল্লী উন্নয়ন শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি মানুষের সক্ষমতা বৃদ্ধি, নারীর ক্ষমতায়ন, যুব সমাজকে দক্ষ করে তোলা, সঞ্চয় ও বিনিয়োগে উদ্বুদ্ধ করা এবং স্থানীয় সম্পদের সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে টেকসই উন্নয়নের একটি ধারাবাহিক প্রক্রিয়া। সরকারের বিভিন্ন উন্নয়ন উদ্যোগে জনগণের সক্রিয় অংশগ্রহণ নিশ্চিত করতে পারলেই স্মার্ট, আধুনিক ও বৈষম্যহীন গ্রাম গড়ে তোলা সম্ভব হবে।” তিনি উপস্থিত সকলকে নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়নে আরও আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানান।
আলোচনা সভায় বক্তব্য রাখেন জামালপুরের অতিরিক্ত কৃষি সম্প্রসারণ কর্মকর্তা দিলরুবা ইয়াসমিন। তিনি বলেন, “কৃষি ও পল্লী উন্নয়ন একে অপরের পরিপূরক। আধুনিক কৃষি প্রযুক্তির সম্প্রসারণ, কৃষকদের দক্ষতা বৃদ্ধি এবং টেকসই উৎপাদন ব্যবস্থা নিশ্চিত করতে পারলেই গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে।” তিনি কৃষি উন্নয়নের প্রতিটি উদ্যোগে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় জনগণের সমন্বিত অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
বক্তারা বলেন, দেশের সামগ্রিক উন্নয়নের সঙ্গে পল্লী উন্নয়নের সম্পর্ক অবিচ্ছেদ্য। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, পরিবেশ, প্রযুক্তি, উদ্যোক্তা সৃষ্টি এবং সামাজিক সচেতনতার সমন্বিত বিকাশের মাধ্যমে গ্রামকে উন্নয়নের মূলধারায় সম্পৃক্ত করতে হবে। পল্লী উন্নয়ন একাডেমি দীর্ঘদিন ধরে প্রশিক্ষণ, গবেষণা ও উন্নয়নমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
অনুষ্ঠানে আরডিএর কর্মকর্তা-কর্মচারী, প্রশিক্ষণার্থী, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। দিবসটি উপলক্ষে আয়োজিত র‍্যালি ও আলোচনা সভা অংশগ্রহণকারীদের মধ্যে পল্লী উন্নয়ন কার্যক্রমে নতুন উদ্দীপনা সৃষ্টি করে এবং উন্নত গ্রাম গঠনের প্রত্যয়ে সবাইকে উদ্বুদ্ধ করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *