মাদারগঞ্জে জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালকদলের নবগঠিত কমিটির মিলাদ, দোয়া মাহফিল এবং পরিচিতি সভা অনুষ্ঠিত

মাদারগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ জাতীয়তাবাদী রিক্সা, ভ্যান ও অটোচালকদলের মাদারগঞ্জ উপজেলা শাখার পূর্ণাঙ্গ নবগঠিত কমিটির উদ্যোগে মিলাদ, দোয়া মাহফিল এবং পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
মাদারগঞ্জ উপজেলার বালিজুড়ী বাজারস্থ বিএনপির প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা রিক্সা, ভ্যান ও অটোচালকদলের সভাপতি জিয়া। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা রিক্সা, ভ্যান ও অটোচালকদলের সিনিয়র সহ-সভাপতি বাবুল সরকার। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জামালপুর জেলার রিক্সা, ভ্যান ও অটোচালকদলের সাধারণ সম্পাদক আব্দুল আল লিটু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর সদর থানা রিক্সা, ভ্যান ও অটোচালকদলের নেতা আতাউর রহমান বাবু।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা শাখার নবগঠিত কমিটির সিনিয়র সহ-সভাপতি আনোয়ার, সহ-সভাপতি সালাম, কালাম, শাহিন ও সাদ্দাম, সহ-সাংগঠনিক সম্পাদক জিনাত আলি, যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর, বিল্লাল হোসেন ও স্বপন, সাংগঠনিক সম্পাদক হাজ্বী রাসেল মোল্লা, ক্রীড়া বিষয়ক সম্পাদক জিলানী, সদস্য ফরহাদসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। পরে দেশ ও জাতির কল্যাণ, বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু এবং সংগঠনের সকল নেতাকর্মীর মঙ্গল কামনায় বিশেষ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এরপর নবগঠিত কমিটির সদস্যদের পরিচিতি পর্ব অনুষ্ঠিত হয়।
প্রধান বক্তার বক্তব্যে আব্দুল আল লিটু বলেন, শ্রমিকদের ন্যায্য মূল্যায়ন ও অধিকার নিশ্চিত করতে হবে। তিনি বলেন, ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীরা যেভাবে আন্দোলন চালিয়ে গেছেন, ঠিক সেভাবেই রিক্সা, ভ্যান ও অটোচালকরা তাদের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। আন্দোলনে আহত ছাত্র-জনতাকে হাসপাতালে পৌঁছে দেওয়া, চিকিৎসাসহ বিভিন্ন মানবিক কাজে সহযোগিতা করার ক্ষেত্রে চালকদের অবদান ছিল প্রশংসনীয়। তাই তাদের এই অবদান কোনোভাবেই অস্বীকার করার সুযোগ নেই।
তিনি আরও বলেন, সংগঠনকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে দলের সাংগঠনিক কাঠামো মেনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল করার পাশাপাশি রিক্সা, ভ্যান ও অটোচালকদের ন্যায্য অধিকার আদায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
এ সময় বক্তারা বলেন, সংগঠনের ঐক্য, শৃঙ্খলা ও সাংগঠনিক কার্যক্রম জোরদারের মাধ্যমে শ্রমিকদের স্বার্থ রক্ষা এবং তাদের ন্যায্য দাবি আদায়ে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। অনুষ্ঠান শেষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়।
