মেলান্দহ থানার ওসি ওবায়দুর রহমানের বিদায়ী সংবর্ধনা

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওবায়দুর রহমানের বদলিজনিত বিদায় উপলক্ষে আবেগঘন পরিবেশে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার রাতে মেলান্দহ থানা হলরুমে থানা পুলিশের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব ও প্রধান অতিথির বক্তব্য দেন জামালপুরের মাদারগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান ভূঞা। তিনি বলেন, সরকারি চাকরিতে বদলি একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। তবে কর্মদক্ষতা, সততা, পেশাদারিত্ব ও মানবিক গুণাবলীর মাধ্যমে একজন কর্মকর্তা মানুষের হৃদয়ে যে স্থান করে নেন, সেটিই তাঁর প্রকৃত অর্জন। ওসি মো. ওবায়দুর রহমান দায়িত্ব পালনকালে সেই আস্থা ও সম্মান অর্জন করতে সক্ষম হয়েছেন। নতুন কর্মস্থলেও তিনি একই নিষ্ঠা ও সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন বিদায়ী ওসি মো. ওবায়দুর রহমান, ওসি (তদন্ত) নাজমুল জান্নাত শাহ, থানা মসজিদের ইমাম মোঃ সাইফুল ইসলাম, এসআই মোস্তাফিজুর রহমান, এসআই হুমায়ুন কবির, এসআই তারিকুল হাসান হিমন, এসআই রফিকুল ইসলাম, এএসআই রুবেল মিয়া ও কনস্টেবল মনিরুজ্জামান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মেলান্দহ থানার সেকেন্ড অফিসার এসআই জ্যোতিময় সরকার মিশু। এ সময় থানার সকল কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, ওসি মো. ওবায়দুর রহমান দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা, শৃঙ্খলা, বিনয় ও মানবিক আচরণের মাধ্যমে সহকর্মী এবং সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনসাধারণকে দ্রুত ও কার্যকর পুলিশি সেবা নিশ্চিত করতে তিনি আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর নেতৃত্ব, কর্মস্পৃহা ও দায়িত্ববোধ ভবিষ্যতেও সহকর্মীদের অনুপ্রাণিত করবে বলেও তাঁরা উল্লেখ করেন।
অনুষ্ঠানে বক্তারা আরও বলেন, দায়িত্ব পালনকালে তিনি অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কার্যকর ভূমিকা পালন করেন। সাম্প্রতিক সময়ে বিভিন্ন অভিযানে চিহ্নিত অপরাধীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের বিষয়টি স্থানীয়ভাবে ইতিবাচকভাবে আলোচিত হয় বলেও তাঁরা উল্লেখ করেন।
বিদায়ী বক্তব্যে ওসি মো. ওবায়দুর রহমান বলেন, “মেলান্দহে দায়িত্ব পালন আমার কর্মজীবনের একটি স্মরণীয় অধ্যায়। সহকর্মীদের আন্তরিক সহযোগিতা, প্রশাসনের সমর্থন, সাংবাদিকদের দায়িত্বশীল ভূমিকা এবং সর্বস্তরের মানুষের ভালোবাসা আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। আমরা একসঙ্গে কাজ করার যে স্মৃতি অর্জন করেছি, তা আজীবন হৃদয়ে লালন করব। নতুন কর্মস্থলেও দেশের আইনশৃঙ্খলা রক্ষা ও জনগণের কল্যাণে একই নিষ্ঠা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে যাব।”
অনুষ্ঠান শেষে বিদায়ী ওসিকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। পরে তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন কর্মস্থলে উত্তরোত্তর সাফল্য কামনা করে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।
এদিকে, স্থানীয়দের একাংশের মতে, দায়িত্ব পালনকালে ওসি মো. ওবায়দুর রহমান একজন সৎ, দায়িত্বশীল, সাদামাটা ও জনবান্ধব পুলিশ কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন। তাঁর বদলির খবরে অনেকেই দুঃখ প্রকাশ করলেও নতুন কর্মস্থলে তাঁর সফলতা ও মঙ্গল কামনা করেন।
