উপজেলার সংবাদখেলাধূলাজামালপুরসদর

জামালপুরে অ্যাথলেটদের অংশগ্রহণে ম্যারাথন অনুষ্ঠিত

শহর প্রতিনিধি:

‘স্টপ ড্রাগস, স্টার্ট রানিং’ এই প্রতিপাদ্য নিয়ে জামালপুরে মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শহরের বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমী পাঁচ কিলোমিটার দীর্ঘ এই ম্যারাথনের আয়োজন করে। শনিবার সকালে বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুল হাকিম স্টেডিয়ামের সামনে থেকে শুরু করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে চালাপাড়া হয়ে আবার স্টেডিয়ামের সামনে গিয়ে ম্যারাথন শেষ হয়।

পরে অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবু ফুটবল একাডেমীর চেয়ারম্যান অ্যাডভোকেট রিশাদ রেজওয়ান বাবুর সভাপতিত্বে জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ বিন রশিদ, অতিরিক্ত পুলিশ সুপার ইয়াহিয়া আল মামুনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এ সময় বক্তারা বলেন, মাদক ও মোবাইল আসক্তি থেকে তরুণদের দূরে রাখতে ম্যারাথন একটি ব্যাতিক্রমী আয়োজন। মাদকের বিরুদ্ধে তরুণদের অবস্থান জানাতে ম্যারাথন সমাজে বিশেষ বার্তা ছড়িয়ে দিবে। নিয়মিত খেলাধুলা ও ব্যায়াম শারীরিক গঠন ও মানসিক বিকাশ সাধনের পাশাপাশি মানুষকে বিপথগামী হতে বাধাগ্রস্ত করে। তরুণরা যে মাদকের বিরুদ্ধে দাঁড়িয়েছে এই ম্যারাথনে তাদের স্বতস্ফুর্ত অংশগ্রহণেই তা স্পষ্ট হয়েছে।

পাঁচ কিলোমিটার দীর্ঘ মিনি ম্যারাথনে প্রায় ২৫০ জন নারী ও পুরুষ অ্যাথলেট অংশগ্রহণ করে।

ম্যারাথনে পুরুষদের মধ্যে রানা মিয়া ও নারীদের মধ্যে জান্নাতুল ফেরদৌসী প্রথম স্থান অর্জন করেন। পরে অতিথিরা বিজয়ী ও অংশগ্রহণকারীদের মাঝে পুরষ্কার বিতরণ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *