উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

নাংলা ইউপি প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বায়োজিদকে বিদায়ী সংবর্ধনা


মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের মেলান্দহ উপজেলার ৪নং নাংলা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বায়োজিদের বিদায় উপলক্ষে এক আন্তরিক বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২০ জুলাই) নাংলা ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নাংলা ইউনিয়ন পরিষদের একাধিকবার নির্বাচিত চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা। অনুষ্ঠানের আয়োজন করে ৪নং নাংলা ইউনিয়ন পরিষদ।
সভাপতির বক্তব্যে চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কিসমত পাশা বলেন, “মোহাম্মদ বায়োজিদ একজন দায়িত্বশীল, সৎ, নিষ্ঠাবান ও মানবিক প্রশাসনিক কর্মকর্তা হিসেবে ইউনিয়ন পরিষদে অত্যন্ত দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তিনি সবসময় জনপ্রতিনিধি ও সাধারণ মানুষের সঙ্গে আন্তরিক আচরণ করেছেন এবং সরকারি নিয়ম-নীতির আলোকে স্বচ্ছতার সঙ্গে প্রশাসনিক কার্যক্রম পরিচালনা করেছেন। তাঁর কর্মনিষ্ঠা ও সততা ইউনিয়ন পরিষদের জন্য একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে থাকবে। আমরা তাঁর কর্মজীবনের উত্তরোত্তর সাফল্য ও সুন্দর ভবিষ্যৎ কামনা করছি।”
বিদায়ী প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ বায়োজিদ তাঁর বক্তব্যে ইউনিয়নবাসীর ভালোবাসা, জনপ্রতিনিধি, সহকর্মী ও স্থানীয় সবার সহযোগিতার জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, সরকারি দায়িত্ব পালনের ক্ষেত্রে সবসময় সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে জনগণের সেবা দেওয়ার চেষ্টা করেছেন। ভবিষ্যতেও যেখানেই দায়িত্ব পালন করবেন, সেখানেও একইভাবে জনসেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল ইসলাম দায়িত্ব পালনে সকলের সহযোগিতা কামনা করেন এবং ইউনিয়ন পরিষদের কার্যক্রমকে আরও গতিশীল ও জনবান্ধব করতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউনিয়ন পরিষদের সদস্য আব্দুল হাকিম বাদশা।
এসময় বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা সদস্য মোছা. নাজমা আক্তার নিলুফা, ইউপি সদস্য আব্দুল হালিম, দৈনিক ইত্তেফাকের মেলান্দহ প্রতিনিধি সাংবাদিক শাহজামাল, সাংবাদিক মো. রুহুল আমিন রাজু, বিশিষ্ট সমাজসেবক মোর্শেদ, বিএনপি নেতা আবু সুফিয়ান, বিশিষ্ট সমাজসেবক নজরুল ইসলাম মাস্টারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, মোহাম্মদ বায়োজিদ দায়িত্ব পালনকালে সততা, নিষ্ঠা ও মানবিক আচরণের মাধ্যমে ইউনিয়নবাসীর আস্থা অর্জন করেছেন। সাধারণ মানুষের সমস্যা মনোযোগ দিয়ে শুনে দ্রুত সমাধানের চেষ্টা করতেন এবং ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কার্যক্রমকে স্বচ্ছ ও সুশৃঙ্খল রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তাঁর বিনয়ী ব্যবহার, দায়িত্বশীলতা ও জনসেবামূলক মানসিকতার কারণে তিনি সহকর্মী, জনপ্রতিনিধি এবং সাধারণ মানুষের কাছে একজন সৎ, আদর্শ ও মানবিক কর্মকর্তা হিসেবে পরিচিতি লাভ করেন।
অনুষ্ঠানের শেষে বিদায়ী কর্মকর্তা মোহাম্মদ বায়োজিদকে ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা স্মারক প্রদান করা হয়। উপস্থিত সবাই তাঁর সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং কর্মজীবনের উত্তরোত্তর সফলতা কামনা করেন। একই সঙ্গে নবনিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা মো. নুরুল ইসলামকেও শুভেচ্ছা জানিয়ে তাঁর সফল দায়িত্ব পালনার প্রত্যাশা ব্যক্ত করা হয়। অনুষ্ঠান শেষে দেশ দশের মঙ্গল কামনা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *