আলোচিতউপজেলার সংবাদজামালপুরসরিষাবাড়ি

শিশু হত্যা মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদন্ড

শহর প্রতিনিধি
জামালপুরের সরিষাবাড়িতে কাঁঠাল গাছের পাতা তুড়ানোকে কেন্দ্র করে বিরোধের জেরে সাত বছরের শিশু সুমনকে হত্যার দায়ে তিনজনকে যাবজ্জীবন কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে হত্যাকান্ডের আলামত গোপনের দায়ে তাদের আরও পাঁচ বছরের কারাদন্ড দেওয়া হয়েছে।
বুধবার দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ নেজাম উদ্দীন এই রায় ঘোষণা করেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, আবুল কাশেম, মুকাদ্দেস ও স্বপন। তারা সবাই উপজেলার মাগুরিয়া পাড়া এলাকার বাসিন্দা।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ দিদারুল ইসলাম দিদার ঘটনার বিস্তারিত তুলে বলেন, ২০১১ সালের ৩ সেপ্টেম্বর দুপুরে মাগুরিয়া পাড়া এলাকায় কাঁঠাল গাছের পাতা কুড়ানো নিয়ে আসামিদের সঙ্গে প্রতিবেশী সবুজা বেগম নামের এক নারীর বাগ্বিতন্ডা হয়। একপর্যায়ে আসামিরা তাকে মারধর করেন। এটি দেখে সবুজা বেগমের দেবর বাবুল মিয়া বাঁচাতে এগিয়ে গেলে আসামিরা তাকেও বেদম মারধর করেন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করেন।
সেই ঘটনার পর ওইদিন দুপুর থেকেই বাবুল মিয়ার সাত বছরের ছেলে সুমন নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজি করে সন্ধান না পেয়ে পরদিন ৪ সেপ্টেম্বর সরিষাবাড়ি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করে তার পরিবার। এরপর ৫ সেপ্টেম্বর সকালে বাড়ি থেকে কিছুটা দূরে চাপারকোনা বাজারের কাছে ঝিনাই নদী থেকে সুমনের মরদেহ উদ্ধার করা হয়।
আইনজীবী দিদারুল ইসলাম আরও উল্লেখ করে বলেন, এই ঘটনায় সুমনের বাবা বাবুল বাদী হয়ে ৫ জনের নাম উল্লেখ করে সরিষাবাড়ি থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। তদন্ত শেষে পুলিশ তিন আসামির বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র জমা দেয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় ২৫ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত আসামিদের উপস্থিতিতে এই রায় ঘোষণা করেন।
দীর্ঘ প্রতীক্ষিত এই রায়ে সন্তোষ প্রকাশ করেছে নিহত শিশুর পরিবার।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *