জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিবেদক:
কৃষক কার্ড কৃষকের শক্তি, কৃষকের প্রাণ প্রবর্তন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান” এই শ্লোগানকে সামনে রেখে জামালপুরে যথাযোগ্য মর্যাদায় ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ-এর ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার ৮ আগস্ট দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ জামালপুর জেলা শাখার সভাপতি মো: কামরুল হাসানের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জামালপুর-৫ সদর আসনের জাতীয় সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক এডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন। এতে বিশেষ অতিথি ছিলেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সভাপতি জিয়াউল হায়দার পলাশ, মহাসচিব সৈয়দ জাহীদ হোসেন, সাংগঠনিক সম্পাদক এস, টি আহম্মেদ, বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, জামালপুর জেলা শাখার সদস্য সচিব মো: গাউসুল আজম শাহীন এবং আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) দিলরুবা ইয়াছমিন। সভা সঞ্চালনা করেন ডিপ্লোমা কৃষিবিদ ইনস্টিটিউশন, বাংলাদেশ জামালপুর জেলা শাখার সাধারণ সম্পাদক মাছুদুল হক সুমন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, কৃষকের ভাগ্যোন্নয়নের প্রধানমন্ত্রী তারেক রহমানের সরকার বদ্ধপরিকর। কৃষিসেবা তাদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে ইতোমধ্যে সরকার ডিজিটাল কৃষক কার্ড চালু করেছেন। এর মাধ্যমে কৃষকরা কৃষি উপকরণ, সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, সাশ্রয়ী মূল্যে যন্ত্রপাতি, ভর্তুকি ও প্রণোদনা ইত্যাদি সুযোগ সুবিধা পাবেন বলে তিনি উল্লেখ করেন।
অন্যান্য বক্তারা আধুনিক প্রযুক্তির ব্যবহারের মাধ্যমে দেশের কৃষি খাতে বড় ধরনের পরিবর্তন আনার আহ্বান জানান।
সভার শুরুতে অতিথিদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন ডিপ্লোমা কৃষিবিদ নেতৃবৃন্দ। সভায় উপস্থিত প্রত্যেককে একটি করে সুন্দর টি শার্ট উপহার হিসেবে প্রদান করা হয়।
সভায় জেলার প্রায় দুই শতাধিক ডিপ্লোমা কৃষিবিদ অংশ নেন।
