জামালপুরে গ্যাসের দাবিতে সিএনজি চালকদের মহাসড়ক অবরোধ
শহর প্রতিনিধি:
নতুন গ্যাস পাম্প স্থাপন ও সরবরাহ স্বাভাবিক করার দাবিতে জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক সাড়ে চার ঘণ্টা অবরোধ করে রাখেন সিএনজি চালকেরা।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে জামালপুর বিসিকের সামনে নতুন বাইপাস মোড়ে এই অবরোধ কর্মসূচি পালন করা হয়। পরে সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।
সকাল থেকে চলা এই অবরোধের কারণে মহাসড়কে কয়েক কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। দূরপাল্লার বাস, ট্রাকসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা পড়েন চরম দুর্ভোগে। দীর্ঘক্ষণ আটকে থেকে অনেক সাধারণ যাত্রী ও কর্মজীবী মানুষকে হেঁটে গন্তব্যে রওনা হতে দেখা যায়। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অবরোধ প্রত্যাহার করা হলে পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হয়ে আসে।
খোঁজ নিয়ে জানা যায়, জামালপুরে প্রায় তিন হাজার নিবন্ধিত সিএনজি রয়েছে। এছাড়া বাইরে থেকে আসা অন্যান্য সিএনজিসহ জেলায় মোট চলাচলকারী সিএনজির সংখ্যা প্রায় পাঁচ হাজার। বিপুলসংখ্যক এই যানবাহনের বিপরীতে জাবেদ ফিলিং স্টেশন নামে মাত্র একটি পাম্পে গ্যাস সরবরাহ করা হয়।
অটোরিকশা চালক আশরাফুল বলেন, রাত ১২টা থেকে লাইনে অপেক্ষা করেও তিনি গ্যাস পাননি। গ্যাসের অভাবে গাড়ি চালানো সম্ভব হচ্ছে না। ফলে গাড়ির জমা (দৈনিক ভাড়া) তোলার পাশাপাশি পরিবারের জীবিকা নির্বাহ করা কঠিন হয়ে পড়েছে তাদের। এই সমস্যার ¯’ায়ী সমাধানের দাবিতেই তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছেন।
সাখাওয়াত হোসেন নামের অপর এক চালক জানান, ইউএনও তাদের সমস্যার কথা গুরুত্ব দিয়ে শুনেছেন। দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতেই তারা অবরোধ প্রত্যাহার করেছেন।
জামালপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজনীন আখতার বলেন, চালকদের দাবিগুলো শোনা হয়েছে। গ্যাস সংকট নিরসন ও নতুন পাম্প স্থাপনের বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে। এই আশ্বাসের পরই তারা সড়ক থেকে সরে যান।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, সিএনজিচালকদের সঙ্গে কথা বলে পরিস্থিতি শান্ত করা হয়। প্রশাসন ও পুলিশের হস্তক্ষেপে তারা অবরোধ তুলে নিয়েছেন এবং বর্তমানে মহাসড়কে যান চলাচল সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে।
