চরবানী পাকুরিয়ায় সংরক্ষিত মহিলা সদস্য পদে লিমা আক্তার মিথিলা এখন ভোটারদের মূল আলোচনায়

মো. রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুরের ৭ নম্বর চরবানী পাকুরিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা আসনের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে মেম্বার পদপ্রার্থী হিসেবে লিমা আক্তার মিথিলাকে দেখতে চান সাধারণ মানুষ ও ভোটাররা। ইতোমধ্যে তাঁর সততা, মানবিকতা, সহজ-সরল জীবনযাপন এবং মানুষের পাশে থাকার মানসিকতা নিয়ে এলাকায় ইতিবাচক আলোচনা তৈরি হয়েছে।
স্থানীয়দের মতে, লিমা আক্তার মিথিলা একজন সৎ, আদর্শবান, হাস্যোজ্জ্বল, বিনয়ী ও মানবিক মনের নারী নেত্রী। দল-মত নির্বিশেষে সাধারণ মানুষের সঙ্গে তাঁর আন্তরিক যোগাযোগ এবং বিপদে-আপদে পাশে থাকার মানসিকতা তাঁকে এলাকার মানুষের কাছে একজন আস্থাভাজন নারী হিসেবে পরিচিত করেছে।
রাজনৈতিকভাবে তিনি জাতীয়তাবাদী মহিলা দলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। দীর্ঘদিন ধরে স্থানীয় পর্যায়ে রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় থাকার পাশাপাশি তিনি বিভিন্ন জনকল্যাণমূলক ও সামাজিক উদ্যোগে অংশগ্রহণ করে আসছেন। অসহায় ও দরিদ্র মানুষের খোঁজ নেওয়া, নারীদের বিভিন্ন সমস্যা ও অধিকার নিয়ে কথা বলা, সামাজিক সচেতনতা সৃষ্টি এবং মানুষের সুখ-দুঃখে পাশে থাকার কারণে তাঁর প্রতি সাধারণ মানুষের আস্থা তৈরি হয়েছে বলে জানান স্থানীয়রা।
স্থানীয় ভোটারদের ভাষ্য, জনপ্রতিনিধি হওয়ার জন্য শুধু রাজনৈতিক পরিচয় নয়, প্রয়োজন সততা, দায়িত্ববোধ, মানুষের প্রতি ভালোবাসা, জবাবদিহিতা ও সেবার মানসিকতা। এসব গুণ লিমা আক্তার মিথিলার মধ্যে রয়েছে বলেই তাঁকে সংরক্ষিত মহিলা সদস্য হিসেবে দেখতে চান তাঁরা।
লিমা আক্তার মিথিলা বলেন, “আমি মানুষের ভালোবাসা ও আস্থাকে সবচেয়ে বড় সম্পদ মনে করি। জনপ্রতিনিধি হওয়ার সুযোগ পেলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের পাশে থেকে কাজ করতে চাই। বিশেষ করে নারী, শিশু, বয়স্ক, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের অধিকার ও কল্যাণে আন্তরিকভাবে কাজ করব। এলাকার উন্নয়ন, সামাজিক শান্তি, নারীর মর্যাদা ও জনসেবাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করার চেষ্টা থাকবে।”
তিনি আরও বলেন, “জনগণের ভোটে নির্বাচিত হলে ইউনিয়নের সংশ্লিষ্ট ওয়ার্ডগুলোর মানুষের সমস্যা চিহ্নিত করে অগ্রাধিকার ভিত্তিতে সমাধানের উদ্যোগ নেব। পরিষদের সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার পাশাপাশি এলাকার উন্নয়নে সবার মতামতকে গুরুত্ব দেব।”
সাধারণ ভোটারদের প্রত্যাশা, একজন পরিচ্ছন্ন ভাবমূর্তি, সাদামাটা জীবনযাপন, হাসিমুখে মানুষের সঙ্গে মিশে চলা এবং মানবিক গুণসম্পন্ন নারী হিসেবে লিমা আক্তার মিথিলা নির্বাচিত হলে এলাকার নারী ও সাধারণ মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখতে পারবেন।
এলাকাবাসীর প্রত্যাশা—নতুন প্রজন্মের সৎ ও জনবান্ধব নারী নেতৃত্বকে সামনে এনে উন্নয়ন, মানবিকতা, সামাজিক সম্প্রীতি ও নাগরিক সেবাকে আরও শক্তিশালী করা। আর সেই প্রত্যাশায় ৭ নম্বর চরবানী পাকুরিয়া ইউনিয়নের সংরক্ষিত মহিলা আসনের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডে লিমা আক্তার মিথিলার নাম ইতোমধ্যে আলোচনায় উঠে এসেছে।
