উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

মির্জা ফখরুলকে বাদ দিয়ে জামায়াতের প্রার্থীকে বিএনপি এমপিরা ভোট দেবেন—আযাদের বক্তব্যের জবাব দিলেন এমপি মোস্তাফিজুর রহমান বাবুল

ষ্টাফ রিপোর্টার জামালপুরঃ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদের সাম্প্রতিক বক্তব্যকে বাস্তবতাবিবর্জিত ও বিএনপির সংসদ সদস্যদের রাজনৈতিক অবস্থানকে খাটো করার প্রচেষ্টা হিসেবে উল্লেখ করে তার সমালোচনা করেছেন জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
হামিদুর রহমান আযাদের বক্তব্যের প্রসঙ্গ টেনে এমপি মোস্তাফিজুর রহমান বাবুল প্রশ্ন রাখেন—বিএনপি মনোনীত রাষ্ট্রপতি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে বাদ দিয়ে কোন বিবেচনায় বিএনপির সংসদ সদস্যরা জামায়াত মনোনীত প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদকে বেছে নেবেন?
তিনি বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর দীর্ঘ রাজনৈতিক জীবনে সততা, প্রজ্ঞা, অভিজ্ঞতা ও রাজনৈতিক শিষ্টাচারের পরিচয় দিয়েছেন। শিক্ষকতা দিয়ে কর্মজীবন শুরু করে স্থানীয় সরকার, সংসদ ও মন্ত্রিসভায় দায়িত্ব পালনসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃত্বে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। দীর্ঘদিন দলের মহাসচিব হিসেবে তিনি বিএনপির সাংগঠনিক ঐক্য ও গণতন্ত্রের আন্দোলনে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন।
এমপি বাবুল বলেন, প্রতিকূল রাজনৈতিক পরিস্থিতিতেও মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের নীতি-আদর্শ ও নেতৃত্বের প্রতি অবিচল থেকেছেন। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপির দীর্ঘ রাজনৈতিক সংগ্রামে তাঁর ভূমিকা ও আনুগত্য দলের নেতাকর্মীদের কাছে সুপরিচিত। এসব বিষয় বিবেচনায় নিয়েই তাঁকে রাষ্ট্রপতি পদে মনোনয়ন দেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির সংসদ সদস্যরা দলীয় সিদ্ধান্ত, রাজনৈতিক আদর্শ ও নেতৃত্বের প্রতি আস্থার জায়গা থেকেই সিদ্ধান্ত নেবেন। তাই বিএনপি মনোনীত প্রার্থীকে বাদ দিয়ে অন্য দলের প্রার্থীকে বিএনপির সংসদ সদস্যরা দলবেঁধে ভোট দেবেন—এমন ধারণা রাজনৈতিক বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।
কর্নেল (অব.) অলি আহমদের রাজনৈতিক ভূমিকা প্রসঙ্গে এমপি বাবুল বলেন, তাঁর রাজনৈতিক অবস্থান ও বিভিন্ন সময়ের বক্তব্য সম্পর্কে দেশের মানুষ অবগত। অতীত রাজনৈতিক ভূমিকা ও অবস্থান সম্পর্কে জনগণই চূড়ান্ত মূল্যায়ন করবেন।
তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে নিয়ে বক্তব্য দেওয়ার ক্ষেত্রে বাস্তবতা ও রাজনৈতিক শিষ্টাচারের প্রতি শ্রদ্ধাশীল থাকা প্রয়োজন। কারণ জনগণ রাজনৈতিক বক্তব্যের পাশাপাশি নেতাদের দীর্ঘদিনের কর্মকাণ্ড, আদর্শ, সততা ও জনসম্পৃক্ততার ভিত্তিতেই তাঁদের মূল্যায়ন করেন।
এমপি মোস্তাফিজুর রহমান বাবুলের মতে, বিএনপির সংসদ সদস্যদের রাজনৈতিক অবস্থান ও দলীয় আনুগত্য নিয়ে কোনো ধরনের অনুমাননির্ভর বক্তব্য বাস্তব পরিস্থিতিকে প্রতিফলিত করে না। বিএনপির নেতৃত্ব, দলীয় সিদ্ধান্ত ও রাজনৈতিক ভবিষ্যৎ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্ত দলের নেতাকর্মী ও জনগণের রাজনৈতিক বিবেচনাতেই প্রতিফলিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *