উপজেলার সংবাদজামালপুরমেলান্দহ

ভোটের কালি শুকিয়ে যাওয়ার আগেই বিএনপির নির্বাচনী ওয়াদা বাস্তবায়িত হচ্ছে: এমপি বাবুল

মোঃরুহুল আমিন রাজু জামালপুর প্রতিনিধি: “ভোটের কালি শুকিয়ে যাওয়ার আগেই জনগণকে দেওয়া বিএনপির নির্বাচনী ওয়াদা বাস্তবায়িত হচ্ছে”—এমন মন্তব্য করেছেন জামালপুর-৩ (মেলান্দহ-মাদারগঞ্জ) আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল।
শনিবার (১৫ আগস্ট) মেলান্দহ উপজেলা হলরুমে মসজিদের ইমাম, মোয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিত ও সেবায়েতদের সঙ্গে সরকারের গৃহীত বিভিন্ন কর্মসূচির বাস্তবায়ন, ধর্মীয় সম্প্রীতি, সামাজিক শান্তি ও শৃঙ্খলা বজায় রাখার লক্ষ্যে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এমপি মোস্তাফিজুর রহমান বাবুল বলেন, বিএনপি জনগণের কাছে যে নির্বাচনী ইশতেহার ও প্রতিশ্রুতি দিয়েছে, তা বাস্তবায়নে সরকার ইতোমধ্যে কার্যকর পদক্ষেপ গ্রহণ করেছে। ভোটের কালি শুকিয়ে যাওয়ার আগেই জনগণকে দেওয়া বিএনপির নির্বাচনী ওয়াদা বাস্তবায়নের কাজ শুরু হয়েছে। জনগণের প্রত্যাশা পূরণ এবং একটি কল্যাণমুখী রাষ্ট্র প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য।
তিনি বলেন, বিএনপির নির্বাচনী ইশতেহারে জনগণের কল্যাণ, ধর্মীয় স্বাধীনতা, সামাজিক ন্যায়বিচার, শান্তি ও সম্প্রীতিকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে দেশের প্রতিটি শ্রেণি-পেশার মানুষের সঙ্গে মতবিনিময়ের মাধ্যমে তাদের সমস্যা, প্রত্যাশা ও মতামত জানার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এ দেশের মানুষ যুগ যুগ ধরে পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা ও সম্প্রীতির সঙ্গে বসবাস করে আসছে। কোনোভাবেই যেন ধর্মীয় সম্প্রীতি ও সামাজিক শান্তি বিনষ্ট না হয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এমপি বাবুল বলেন, মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিত-সেবায়েতরা সমাজে অত্যন্ত সম্মানিত ও গ্রহণযোগ্য ব্যক্তি। মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ, বাল্যবিবাহ, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অনাচারের বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে নৈতিক ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, ধর্মীয় নেতৃবৃন্দ নিজ নিজ অবস্থান থেকে মানুষের মধ্যে শান্তি, মানবিকতা, সহনশীলতা ও দেশপ্রেমের বার্তা ছড়িয়ে দিলে একটি সুন্দর ও সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব। একই সঙ্গে গুজব, অপপ্রচার ও উসকানিমূলক কর্মকাণ্ড থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এমপি বাবুল আরও বলেন, সরকারের জনকল্যাণমূলক কর্মসূচি সফল করতে স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও ধর্মীয় নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দেওয়া, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
তিনি বলেন, কোনো ধর্মের মানুষ যেন নিজেকে নিরাপত্তাহীন বা অবহেলিত মনে না করেন—এটি নিশ্চিত করা আমাদের সবার দায়িত্ব। ধর্মীয় উপাসনালয়ের নিরাপত্তা এবং সব ধর্মাবলম্বীর ধর্মীয় স্বাধীনতা ও অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত ধর্মীয় নেতৃবৃন্দ সরকারের বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন, ধর্মীয় সম্প্রীতি বজায় রাখা এবং সামাজিক শান্তি ও শৃঙ্খলা প্রতিষ্ঠায় সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
এ সময় উপস্থিত ছিলেন— মেলান্দহ পৌর বিএনপির সভাপতি এডভোকেট মনোয়ার হোসেন হাওলাদার, মেলান্দহ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুন্জুরুল কবীর মন্জু, সিনিয়র সহসভাপতি আনোয়ারুল কাদির শ্যামল তালুকদার, উপজেলা বিএনপির সহসভাপতি ও সাবেক তিন বাবের সাধারণ সম্পাদক আলহাজ্ব এম রফিকুল ইসলাম রহিম,সহসভাপতি ও কেন্দ্রীয় যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম হাফিজ নাহিন, হাজরাবাড়ী পৌর বিএনপির সভাপতি ইসমাইল হোসেন,সাধারণ সম্পাদক শাহ মোঃ তালাদ মাহমুদ, মেলান্দহ পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল লতিফ আকন্দসহ উপজেলা বিএনপি প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ, বিভিন্ন মসজিদের ইমাম-মোয়াজ্জিন ও খাদেম এবং মন্দিরের পুরোহিত ও সেবায়েতসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *