দলিল লেখক সমিতির স্মারকলিপি প্রদান
শহর প্রতিনিধি:
জামালপুরের দলিল রেজিস্ট্রেশন পদ্ধতি আধুনিকায়নের নামে দলিল লেখকদের পেশাচ্যুত না করা, দলিল প্রতি সম্মানী ভাতা ৫০০০ টাকা বাস্তবায়ন করাসহ ৭ দফা দাবিতে জামালপুরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে দলিল লেখক সমিতির আয়োজনে স্মারকলিপির প্রদান কালে বক্তব্য রাখেন, জেলা দলিল লেখক সমিতির সভাপতি আরজু আকন্দ, সাধারণ সম্পাদক মো. হানিফ উদ্দিন, সহ-সভাপতি বাবুল মিয়া, সদর দলিল লেখক সমিতির সভাপতি মওদুদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. মোহন আকন্দ, সাংগঠনিক সম্পাদক বজলুর রহমান বাবুল প্রমুখ।
এ সময় বক্তারা, লাইসেন্স প্রাপ্ত দলিল লেখক ব্যতীত অন্য কেহ দলিল মুসাবিদা করতে পারবে না বলে প্রজ্ঞাপন জারি, থানা, জেলা ও কেন্দ্রীয় কমিটির সুপারিশ ব্যতীত অনবিজ্ঞদের দলিল লেখক লাইসেন্সের প্রদান থেকে বিরত থাকাসহ দলিল লেখক কাউন্সিল গঠনের অনুমতির জোর দাবি জানান।
পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদানের জন্য অতিরিক্ত জেলা প্রশাসক আফসানা তাসলিম এর কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
