উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুরে ৬ মামলার রায় ঘোষণা তিন আসামির যাবজ্জীবন

শহর প্রতিনিধি:
জামালপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ –এ ছয়টি মামলার পৃথক রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় অপহরণ, ধর্ষণ ও যৌতুকের দাবিতে নির্যাতনের অভিযোগ প্রমাণিত হওয়ায় বিভিন্ন মেয়াদে কারাদন্ড ও অর্থদন্ড দিয়েছেন আদালত। এর মধ্যে তিন আসামিকে যাবজ্জীবন কারাদন্ড ও অর্থদন্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আবদুর রহিম পৃথক মামলার রায় ঘোষণা করেন।
রাষ্ট্রপক্ষ সূত্রে জানা যায়, জামালপুর সদর থানার একটি মামলায় বিলকিস বেগমকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি ছানোয়ার হোসেনকে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭ ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা এবং ৯(১) ধারায় যাবজ্জীবন কারাদন্ড ও তিন লাখ টাকা জরিমানা করা হয়েছে।
অপর একটি মামলায় বুদ্ধিপ্রতিবন্ধী এক কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি সাজমুলকে ১০ বছরের আটকাদেশ দিয়েছেন আদালত।
বকশিগঞ্জের অপহরণ মামলায় অপহৃতাকে অপহরণ ও ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি মোখলেছ ও মমিন মিয়াকে পৃৃথক দুটি ধারায় যাবজ্জীবন কারাদন্ড এবং প্রত্যেককে তিন লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। একই ঘটনায় আসামি মিন্টু মিয়াকে ১০ বছরের আটকাদেশ দেওয়া হয়। আদালতের আদেশ অনুযায়ী তার সাজা পর্যায়ক্রমে কার্যকর হবে।
অন্য একটি মামলায় স্ত্রীকে এক লাখ টাকা যৌতুকের দাবিতে নির্যাতন ও মারধর করে বাড়ি থেকে বের করে দেওয়ার অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামি আজিজুর রহমানকে দুই বছরের সশ্রম কারাদন্ড ও এক লাখ টাকা জরিমানা করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট ফজলুল হক জানান, মোট ছয়টি মামলার রায় ঘোষণা করা হয়েছে। এসব মামলায় মোট ছয়জন আসামি ছিলেন। এর মধ্যে দুইজন পলাতক রয়েছেন।
তিনি বলেন, নারী ও শিশু নির্যাতন দমন আইনের মামলাগুলোতে অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত সাক্ষ্য প্রমাণ পর্যালোচনা করে এসব রায় দিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *