উপজেলার সংবাদজামালপুরসদর

জামালপুর জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত ওসি নাজমুস সাকিব

মোঃ রুহুল আমিন রাজু, জামালপুর প্রতিনিধি:
জামালপুর জেলা পুলিশের জুলাই-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় অভিন্ন মানদণ্ডে পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা রক্ষা ও জনসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি) নির্বাচিত হয়েছেন জামালপুর সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজমুস সাকিব।
রোববার জামালপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিনের হাত থেকে শ্রেষ্ঠত্বের সম্মাননা ও পুরস্কার গ্রহণ করেন ওসি মো. নাজমুস সাকিব।
দায়িত্ব গ্রহণের পর থেকেই জামালপুর সদর থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং সাধারণ মানুষের সঙ্গে পুলিশের সুসম্পর্ক গড়ে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন ওসি নাজমুস সাকিব। তাঁর নেতৃত্বে থানার পুলিশ সদস্যদের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতার পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে পুলিশের প্রতি আস্থা আরও বৃদ্ধি পেয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
পুরস্কার গ্রহণের পর ওসি মো. নাজমুস সাকিব বলেন, “এই সম্মাননা আমার একার নয়, এটি জামালপুর সদর থানার প্রতিটি কর্মকর্তা ও পুলিশ সদস্যের সম্মিলিত পরিশ্রমের স্বীকৃতি। আইনশৃঙ্খলা রক্ষা ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আমরা সবসময় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছি। ভবিষ্যতেও মাদক, সন্ত্রাস, চাঁদাবাজি ও যেকোনো ধরনের অপরাধের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে। জনগণের সেবা করাই আমাদের প্রধান দায়িত্ব।”
তিনি আরও বলেন, “পুলিশের প্রতি সাধারণ মানুষের আস্থা অর্জন করতে হলে জনগণের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণ এবং দ্রুত সেবা নিশ্চিত করতে হবে। এই পুরস্কার আমাদের দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। জামালপুর সদর থানার সকল কর্মকর্তা ও ফোর্সের প্রতি কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে সকলের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করছি।”
জামালপুরের পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন বলেন, “অভিন্ন মানদণ্ডে কর্মদক্ষতা, পেশাদারিত্ব, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ দমন ও জনসেবায় যারা ভালো কাজ করছেন, তাদের মূল্যায়ন করাই এ ধরনের স্বীকৃতির মূল উদ্দেশ্য। জামালপুর সদর থানার ওসি মো. নাজমুস সাকিব দায়িত্ব পালনে আন্তরিকতা ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। তাঁর এই অর্জন অন্য পুলিশ সদস্যদেরও আরও ভালোভাবে দায়িত্ব পালনে উৎসাহিত করবে।”
তিনি আরও বলেন, “জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জামালপুর জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। ভবিষ্যতেও ভালো কাজের স্বীকৃতি দেওয়ার মাধ্যমে পুলিশ সদস্যদের উৎসাহিত করা হবে।”
জেলা পুলিশের পক্ষ থেকে জানানো হয়, আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ নিয়ন্ত্রণ, জননিরাপত্তা বিধান ও জনসেবায় ধারাবাহিক সাফল্যের স্বীকৃতি হিসেবে ওসি নাজমুস সাকিবের এ অর্জন জামালপুর সদর থানার জন্য গৌরবের বিষয়। তাঁর এই সাফল্য আগামী দিনে আরও দায়িত্বশীল ও জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে এগিয়ে নিতে ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *