ময়মনসিংহে এসপির তত্ত্বাবধানে ডিবির অভিযানে ৮৫০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
জামালপুর প্রতিনিধি:
মাদকবিরোধী অভিযানে ময়মনসিংহ জেলা পুলিশের ধারাবাহিক সাফল্যের অংশ হিসেবে এবার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়মনসিংহ জেলা পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের সরাসরি তত্ত্বাবধানে এবং জেলা গোয়েন্দা শাখা (ডিবি) দক্ষিণের অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে ৮৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ সূত্র জানায়, মাদক নির্মূলে পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানের নেতৃত্বে ময়মনসিংহ জেলা পুলিশ ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় জেলার বিভিন্ন থানা ও গোয়েন্দা ইউনিট সমন্বিতভাবে মাদক ব্যবসায়ী ও সরবরাহকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে যাচ্ছে।
পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান বলেন, “মাদক যুবসমাজ ও দেশের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বড় হুমকি। মাদকের বিরুদ্ধে ময়মনসিংহ জেলা পুলিশের অবস্থান অত্যন্ত কঠোর। মাদক ব্যবসায়ী কিংবা মাদক সরবরাহের সঙ্গে জড়িত কেউ আইনের ঊর্ধ্বে নয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান আরও জোরদার করা হবে এবং মাদকমুক্ত ময়মনসিংহ গড়ে তুলতে জেলা পুলিশ সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করবে।”
ডিবির অফিসার ইনচার্জ মোঃ মাহবুবুল হক বলেন, “পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনা অনুযায়ী ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযানকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। মাদক ব্যবসায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনতে আমাদের গোয়েন্দা কার্যক্রম ও অভিযান অব্যাহত রয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”
উল্লেখ্য, মাদকদ্রব্য উদ্ধারে সাফল্যের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের পুলিশ সপ্তাহে ময়মনসিংহ জেলা পুলিশ দেশসেরা হওয়ার গৌরব অর্জন করেছে। জেলা পুলিশের এ অর্জনকে মাদকবিরোধী কার্যক্রমে মাঠপর্যায়ের পুলিশ সদস্যদের নিষ্ঠা, সাহস ও পেশাদারিত্বের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।
মাদকবিরোধী অভিযানে সাম্প্রতিক সময়েও ময়মনসিংহ ডিবি পুলিশ একাধিক সফল অভিযান পরিচালনা করে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের গ্রেপ্তার করেছে।
মাদক, সন্ত্রাস ও অপরাধমুক্ত নিরাপদ ময়মনসিংহ গড়ার প্রত্যয়ে জেলা পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।
