মাদারগঞ্জে সেচ পাম্পের ঘর থেকে নারীর মরদেহ উদ্ধার
মাদারগঞ্জ প্রতিনিধি:
মাদারগঞ্জ উপজেলার চরপাকেরদহ এলাকায় সেচ পাম্পের ঘর থেকে রুপসী আক্তার (২৫) নামে এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রুপসী আক্তার উপজেলার ঘোনাপাড়া এলাকার ছাইর উদ্দিনের মেয়ে।
স্থানীয়রা জানান, শুক্রবার সকালে রোপা আমন ক্ষেতে পানি দিতে আব্দুল হান্নানের সেচ পাম্পে যায় স্থানীয় এক কৃষক। এ সময় সেচ পাম্পের ঘরে একটি মরদেহ দেখতে পান তিনি। পরে তিনি এলাকাবাসীকে বিষয়টি জানালে পুলিশকে খবর দেওয়া হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেচপাম্পের ঘরের ভিতর থেকে মরদেহ উদ্ধার করে।
মাদারগঞ্জ মডেল থানার ওসি স্নেহাশিষ রায় জানান, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়। মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
