ফেন্টানাইল সেবন ও বিক্রির দায়ে যুবকের কারাদন্ড
দেওয়ানগঞ্জ প্রতিনিধি
জামালপুরের দেওয়ানগঞ্জে নিষিদ্ধ ফেন্টানাইল ট্যাবলেট সেবন ও বিক্রির দায়ে সৈকত (২৪) নামে এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদন্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
রবিবার রাত ৮টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন এ দন্ডাদেশ দেন। দন্ডপ্রাপ্ত সৈকত পৌর শহরের চরভবশুর সরকারপাড়া এলাকার সুলতান মাহমুদের ছেলে।
পুলিশ ও আদালত থেকে জানা যায়, সৈকত দীর্ঘদিন ধরে নিষিদ্ধ এই মাদকে আসক্ত এবং এর ব্যবসার সঙ্গেও জড়িত। রবিবার বিকেলে চরভবশুর সরকারপাড়া এলাকায় দেলোয়ারের দোকানের পেছনে একটি আখ ক্ষেতে বসে তিনি ফেন্টানাইল সেবন করছিলেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালিয়ে তাঁকে আটক করে এবং তাঁর কাছ থেকে চারটি ফেন্টানাইল ট্যাবলেট জব্দ করে।
রাতে সৈকতকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তিনি মাদক সেবন ও বিক্রির কথা অকপটে স্বীকার করেন। নিজের দোষ স্বীকার করায় আদালত তাঁকে এই সাজা প্রদান করেন।
ইউএনও শাহ জহুরুল হোসেন জানান, অপরাধ প্রমাণিত হওয়ায় এবং দোষ স্বীকার করায় ওই যুবককে কারাদন্ড দেওয়া হয়েছে। এলাকাকে মাদকমুক্ত রাখতে প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
