আলোচিতউপজেলার সংবাদজামালপুরসদর

গৃহবধূকে অপহরণ ও সংঘবদ্ধ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদন্ড

শহর প্রতিনিধি:
জামালপুর সদরের রশিদপুর এলাকায় এক গৃহবধূকে নিজ ঘর থেকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের মামলায় তিনজনকে মৃত্যুদন্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে অপহরণের দায়ে তাদের প্রত্যেককে যাবজ্জীবন কারাদন্ড এবং দুই লাখ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে।
সোমবার দুপুরে জামালপুর জেলা ও দায়রা জজ আদালতের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক আব্দুর রহিম এই রায় ঘোষণা করেন। রায়ের সময় আসামিরা উপস্থিত ছিলেন।
সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, জামালপুর সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের রশিদপুর ভাটিপাড়া গ্রামের মৃত রুহুল আমিনের ছেলে মো. ছাত্তার আলী (৪০), কয়ড়ারপাড়া এলাকার মৃত শামছুল হকের ছেলে আব্দুল মালেক (৪২) এবং মৃত নায়েব আলীর ছেলে মো. আনোয়ার (৩০)।।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ১৯ অক্টোবর রাতে জামালপুর সদর উপজেলার রশিদপুর ভাটিপাড়া এলাকায় নিজ বাড়িতে একা ছিলেন ওই গৃহবধূ। রাত আনুমানিক ১১টার দিকে কয়েকজন ব্যক্তি তার বাড়ির সামনে গিয়ে ডাকাডাকি করেন। পরে তারা তাকে ঘর থেকে জোড়পূর্বক বের করে পাশের একটি বাঁশঝাড়ের নিচে নিয়ে যান। সেখানে আসামিরা ওই নারীকে ঘিরে পাহারা দেন এবং এক আসামি ধর্ষণ করেন। পরে বিষয়টি কাউকে জানালে হত্যার হুমকি দিয়ে আসামিরা ঘটনাস্থল থেকে চলে যান।
পরদিন ভুক্তভোগী নারী ¯’ানীয় গণ্যমান্য ব্যক্তিদের বিষয়টি জানান। তাদের পরামর্শে তিনি ২২ অক্টোবর জামালপুর থানায় ছাত্তার আলী, আব্দুল মালেক ও আনোয়ারসহ অজ্ঞাত আরও একজনের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী ফজলুল হক জানান, দীর্ঘ তদন্ত শেষে পুলিশ ২০২৫ সালের ৩০ সেপ্টেম্বর আদালতে অভিযোগপত্র দাখিল করে। বিচার চলাকালীন আদালত ১০ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন। আদালত সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা করে ধর্ষণের দায়ে তিন আসামিকে মৃত্যুদন্ড দিয়েছে এবং অপহরণের দায়ে তাদের যাবজ্জীবন কারাদন্ড দিয়েছেন। একই সঙ্গে প্রত্যেককে দুই লাখ টাকা করে অর্থদন্ড দেওয়া হয়েছে। এই রায়ে সন্তষ্টি প্রকাশ করেছে বাদীপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *