জামালপুরে নার্সের মরদেহ উদ্ধার
শহর প্রতিনিধি
জামালপুর শহরের চালাপাড়া এলাকায় নিজ বসতঘর থেকে রোকসানা আক্তার শিলা নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
স্থানীয়রা জানায়, নিহত রোকসানা আক্তার শিলা চালাপাড়া গ্রামের আব্দুর রশিদের মেয়ে। শিলার বর্তমান স্বামীর নাম রফিকুল ইসলাম। শিলা এই বাসায় একাই থাকতেন। নিহত শিলা এক সন্তানের জননী। তিনি শহরের সেবা জেনারেল হাসপাতালে নার্স হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা যায়, মঙ্গলবার সকালে নিহতের ছেলে ও বোন বাড়িতে এসে রোকসানার মরদেহ দেখতে পান। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, রোকসানার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন এবং মুখে আঁচড়ের মতো দাগ দেখা গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নানা আলোচনা ও সন্দেহের সৃষ্টি হয়েছে। তবে তিনি কীভাবে মারা গেছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
স্থানীয়দের আরও দাবি, প্রায় এক মাস আগে রোকসানার খালাতো ভাইদের সঙ্গে জমিজমা নিয়ে বিরোধ হয়েছিল। পাশাপাশি তার বাসায় বিভিন্ন সময় বিভিন্ন মানুষের যাতায়াত ছিল বলেও স্থানীয়রা জানান। তবে এসব বিষয় মৃত্যুর সঙ্গে সম্পৃক্ত কি না, তা তদন্তের মাধ্যমে নিশ্চিত হওয়া যাবে।
নিহতের মা ছফিরন নেসা বলেন, রাতে আমার মেয়ে একাই ছিল। রাত ১০টার দিকে সে সুস্থ ছিল। সকালে ১১টার দিকে এসে মেয়ের মরদেহ দেখতে পাই।
এদিকে, নার্সের এ মৃত্যুকে রহস্যজনক বলে দাবি করেছে এলাকাবাসী। সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদ্ঘাটনের দাবিও জানানো হয়েছে।
জামালপুর সদর থানার ওসি নাজমুস সাকিব জানান, মঙ্গলবার দুপুরে খবর পেয়ে সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। শিলার মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য জামালপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যাকান্ড কি না এবং ঘটনার সঙ্গে কারা জড়িত তা নিশ্চিত করতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
